নাটোরের সিংড়া উপজেলায় চলনবিল সংলগ্ন এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া ও টানা দুই দিনের বৃষ্টিতে আমন ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। জমিতে পানি জমে কেটে রাখা পাকা আমন ধান তলিয়ে যাওয়ায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে অনেক জমির পাকা ধান কাটতেও পারছেন না চাষিরা।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার শুকাশ, ডাহিয়া ও ইটালি ইউনিয়নের বিভিন্ন মাঠে কাটা আমন ধান বৃষ্টির পানিতে ডুবে আছে। কোথাও ধানের আঁটি পানির নিচে তলিয়ে গেছে, আবার কোথাও কাটা ধান জমিতেই পড়ে থাকতে দেখা গেছে। ফলে কাটা ধান ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন পার করছেন কৃষকরা।

শ্রীকোল গ্রামের কৃষক মো. আব্দুল হক জানান, ক্ষেতের ধান পেকে যাওয়ায় এবং আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আশঙ্কা থাকায় তিনি বাড়তি মজুরি দিয়ে শ্রমিক লাগিয়ে ধান কাটছিলেন। ১০ বিঘা জমির মধ্যে ৪ বিঘা জমির ধান ঘরে তুলতে পারলেও হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় বাকি ৬ বিঘা জমির কাটা ধান পানিতে তলিয়ে যায়।

ডাহিয়া ইউনিয়নের কৃষক আশরাফুল ও নুরুল ইসলাম বলেন, মাঠে পাকা ধান থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে ধান কাটা শুরু করা যাচ্ছে না। দ্রুত আবহাওয়ার উন্নতি না হলে ধান নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

স্থানীয় কৃষকদের মতে, আবহাওয়া অনুকূলে না ফিরলে এবং সময়মতো ধান কাটতে না পারলে ধানের মান নষ্ট হওয়ার পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তারা।

এ বিষয়ে সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২৩ হাজার ৬১০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে, যার মধ্যে ৪ হাজার ২৫০ হেক্টর জমির ধান ইতোমধ্যে কাটা হয়েছে। হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ায় কয়েকটি ইউনিয়নের কিছু জমিতে পানি জমে কৃষকদের ভোগান্তি বেড়েছে। তবে আগামী দু-একদিনের মধ্যেই আবহাওয়া স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।