বাজারের ব্যাগে পরিত্যক্ত অবস্থায় ছয়টি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে। রবিবার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল নীচা বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করে এসআরবি।

বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৫ এর নাটোর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় বিশ্বাস বলেন, ভোরে উদ্ধারের পর সকালে ককটেলগুলো নলডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন তারা।

এসআরবি-৫ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নলডাঙ্গার পাটুল নীচা বাজারে অভিযান চালানো হয়। এ সময় খোলাবাড়িয়া সড়কের পশ্চিম পাশের ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচে সাদা রঙের একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। বাজারের ওই ব্যাগটি দেখে সন্দেহ হলে বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেয় এসআরবি। পরে ভোর ৩টার স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে ছয়টি অবিস্ফোরিত তাজা ককটেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ককটেলগুলো বিধি অনুযায়ী জব্দ তালিকায় দেখানো হয়েছে। তবে এ গুলো কারা রেখে গেছেন তা জানা যায়নি। এই ঘটনায় কাউকে আটকও করা হয়নি।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ডায়েরিমূলে ককটেলগুলো পুলিশের কাছে হস্তান্তর করেছে এসআরবি। বোমা নিষ্ক্রিয়কারী দলের সহায়তায় এগুলো ধ্বংস করার প্রক্রিয়া চলছে।