নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) রাতে ব্যাংকের এরিয়া ম্যানেজার পিংকু চাকমার দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়।
রোববার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহাবুল কবির এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন—সিফাত (১৮), মারুফ (২১) এবং মহিন উদ্দিন বাদশা (৩৬)। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা স্থানীয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ ঘটনায় দায়ের করা মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে চৌমুহনী পূর্ব বাজারের নাপিতের পোল এলাকায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা 'জয় বাংলা' স্লোগান দিয়ে একটি মিছিল বের করেন। একপর্যায়ে মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের ওই শাখাটির সামনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ব্যাংকের দুটি জানালার কাচ ভাঙচুর করা হয়। প্রায় পাঁচ মিনিট পর হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করলে ব্যাংকের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুল কবির জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে গ্রেফতারকৃতদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


মন্তব্য