নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার জলারবাতা এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে অবাধে গড়ে উঠছে অবৈধ স্থাপনা। মহাসড়কের উভয় পাশে এসব স্থাপনা নির্মাণের ফলে যান চলাচল বিঘ্নিত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সরকারি জমি দখলমুক্ত করতে নাটোর সড়ক ও জনপথ বিভাগ বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয়রা।
অভিযোগ সূত্রে জানা গেছে, ফোর লেন বিশিষ্ট নাটোর-বগুড়া মহাসড়কের জলারবাতা এলাকায় সওজের জায়গা দখল করে একটি হোটেল নির্মাণ করেছেন আব্দুল গনি ও তার লোকজন। এছাড়া গত কয়েকদিন আগে জলারবাতা মসজিদের দক্ষিণ পাশে আরও একটি জায়গা দখল করে নতুন দোকানঘর নির্মাণ করা হয়েছে। এতে মহাসড়কের পাশের চলাচলের পথ সংকীর্ণ হয়ে পড়েছে।
সওজ বরাবর অভিযোগকারী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রকৌশলী শাজাহান আলী জানান, অভিযুক্ত আব্দুল গনি যে সরকারি জায়গাটি দখল করেছেন, ঠিক তার পশ্চিমেই শাজাহান আলীর নিজস্ব দলিলি সম্পত্তি রয়েছে। অবৈধভাবে দোকানঘর নির্মাণের ফলে তার জমিতে যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে। এভাবে মহাসড়কের পাশে যত্রতত্র স্থাপনা গড়ে উঠলে সড়কের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে আব্দুল গনির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আজাহার আলী বলেন, "সওজের জায়গা দখল করে রাখার এখতিয়ার কারো নেই। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সময়ের মধ্যে অভিযান চালিয়ে জায়গাটি অবৈধ দখলমুক্ত করা হবে।"


মন্তব্য