নোয়াখালীর কোম্পানীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় মাইন উদ্দিন (৩৬) নামের এক দলিল লেখক নিহত হয়েছেন। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় কোম্পানীগঞ্জ-সোনাপুর আঞ্চলিক মহাসড়কের বসুরহাট সাব-রেজিস্ট্রি অফিসের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। তার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে।

নিহত মাইন উদ্দিন পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার দলিল লেখক ছিলেন। তিনি কবিরহাটের বাটইয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দৌলত রামদি গ্রামের আবদুল কাদেরের ছেলে এবং দুই সন্তানের জনক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার মাগরিবের নামাজ শেষে সাব-রেজিস্ট্রি অফিসসংলগ্ন মসজিদ থেকে বের হয়ে নিজের অফিসে যান মাইন উদ্দিন। সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। অটোরিকশাটি কিছুদূর এগোতেই পেছন দিক থেকে আসা একটি ট্রলি সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার সামনের আসনে বসা মাইন উদ্দিন মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফেনীতে পাঠান। তবে ফেনী নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও নিহতের বাড়িতে যায়। পেছন থেকে ট্রলির ধাক্কায় সিএনজিতে থাকা মাইন উদ্দিন মাথায় প্রচণ্ড আঘাত পান এবং ফেনীতে নেওয়ার পথে তিনি মারা যান।