কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধ ঘেঁষে গভীর রাত থেকে সন্ধ্যা পর্যন্ত বেপরোয়াভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে। প্রতিদিন অন্তত ১০টি পয়েন্টে ভেকু (খননযন্ত্র) দিয়ে নদের পাড় থেকে মাটি কেটে ড্রাম ট্রাক ও ট্রাক্টরে করে ইটভাটাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে নদের গতিপথ রক্ষা বাঁধের দিকে সরে আসার পাশাপাশি পুরো বাঁধ ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

স্থানীয় সূত্র ও এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট এই মাটি কাটার সঙ্গে জড়িত। অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে তারা নদের পাড় কাটত; বর্তমানে রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজেদের বিএনপি পরিচয়ে একই চক্র নির্বিঘ্নে মাটি কেটে বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে।

উপজেলার থানাহাট ইউনিয়নের মাঝস্থল, পুটিমারী ও কাজলডাঙ্গা; রমনা ইউনিয়নের গুড়াতিপাড়া ও জোড়গাছ এবং রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট, কাঁচকোল ও কালিরকুড়া এলাকায় ব্রহ্মপুত্রের ডান তীর রক্ষা বাঁধের কাছাকাছি স্থানে নিয়মিত মাটি কাটা হচ্ছে।

সম্প্রতি রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোলের কালিরকুড়া এলাকায় ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের প্রায় ৪০০ মিটার অংশের পিচিং ও ব্লক ধসে পড়ে। এ অবস্থায় মাটি কাটা অব্যাহত থাকায় ৪৪৮ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধ, রমনা রেলওয়ে স্টেশন, শিক্ষাপ্রতিষ্ঠান ও শত শত বসতবাড়ি বড় ধরনের ভাঙন ও ক্ষতির ঝুঁকিতে রয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ ছাড়া দিনরাত ড্রাম ট্রাক ও ট্রাক্টর চলাচলের কারণে স্থানীয় সড়কে যানজট ও ঝুঁকি তৈরি হয়েছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে পারছে না এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।

রাজারভিটা এলাকার বাসিন্দা সুজা মিয়া বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র বাঁধ ঘেঁষে মাটি কেটে বিক্রি করছে। এতে শিক্ষার্থীদের যাতায়াতে বিঘ্ন ঘটছে এবং দুর্ঘটনা লেগেই আছে। বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও এখন পর্যন্ত কোনো কার্যকর ফল পাওয়া যায়নি।

এ বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান। তিনি বলেন, মাটি কাটার বিষয়ে অতিসত্বর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।