মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে গাঁজা সেবন ও জনশান্তি বিঘ্নিত করার অভিযোগে নোয়াখালী সদর উপজেলায় দুজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানাও করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সদর উপজেলার লক্ষ্মীনারায়ণপুর, হরিনারায়ণপুর, আদর্শ স্কুল ও ফিরিঙ্গির দত্তেরহাট পোল এলাকায় এ অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্ত দুজন হলেন—নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকার জামাল হোসেনের ছেলে কামরুজ্জামান বিপ্লব (২৬) এবং দেবীপুর কোরবান আলী বাড়ির ফারুকের ছেলে সাখাওয়াত উল্লাহ (২৬)।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন সোহান এবং মো. শাহাবুদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরাও অংশ নেন। অভিযানের সময় সংশ্লিষ্ট অপরাধ প্রমাণিত হওয়ায় দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।


মন্তব্য