নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে শিয়ালের হামলায় মারা গেছে স্থানীয়দের অতি পরিচিত ও আদরের চিত্রা হরিণ ‘বিজলী’। প্রায় এক দশক ধরে দ্বীপের মানুষের ভালোবাসায় বেড়ে ওঠা হরিণটির এমন আকস্মিক মৃত্যুতে নিঝুমদ্বীপে নেমে এসেছে শোকের ছায়া।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম নিয়াজী। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নিঝুমদ্বীপের নামার বাজার এলাকায় শিয়ালের আক্রমণে গুরুতর আহত হয় বিজলী। হামলায় তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয় এবং একপর্যায়ে সে মারা যায়। পরে মঙ্গলবার দুপুরে নামার বাজার জামে মসজিদের কবরস্থানে বিজলীকে মাটিচাপা দেওয়া হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৬ সালে বন থেকে অসুস্থ অবস্থায় বিজলীকে উদ্ধার করে নামার বাজারে আনা হয়েছিল। এরপর স্থানীয় বাসিন্দারা দুধ খাইয়ে পরম মমতায় তাকে বড় করে তোলেন। মানুষের সান্নিধ্য ও ভালোবাসায় অভ্যস্ত হয়ে ওঠায় বিজলী আর বনে ফিরে যায়নি; বরং লোকালয়ে মানুষের সঙ্গেই মিশে ছিল।

গত ৯ থেকে ১০ বছর ধরে দ্বীপবাসীর সঙ্গে বিজলীর গড়ে উঠেছিল এক অদ্ভুত আত্মিক সম্পর্ক। নিঝুমদ্বীপে আসা দেশি-বিদেশি পর্যটকদের কাছেও সে ছিল অন্যতম আকর্ষণ। অনেকের কাছেই বিজলী ছিল ঘরের সদস্যের মতো। লোকালয়ে অবাধ বিচরণ করা হরিণটিকে স্থানীয়রা আদর করে বিভিন্ন খাবার দিতেন, যা ঘিরে জমে আছে বহু স্মৃতি।

জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম নিয়াজী বলেন, শিয়ালের কামড়ে গুরুতর আহত হয়ে বিজলীর মৃত্যু হয়েছে। বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তার মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়। দীর্ঘদিনের সঙ্গী বিজলীকে হারিয়ে দ্বীপের বাসিন্দারা গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন।