নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ডেকে নিয়ে আমিরুল ইসলাম ওরফে রিয়াদ (৩২) নামের এক ইমামকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ নভেম্বর) রাত আনুমানিক পৌনে ৮টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিজয়নগর এলাকার আশক মিয়াজী জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি কোম্পানীগঞ্জ হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

আহত রিয়াদ আশক মিয়াজী জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাড়ি পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার চরগুল্যাহখালী গ্রামে; তিনি মৃত আবুল খায়েরের ছেলে।

স্থানীয় আশক মিয়াজী সমাজের সভাপতি মো. মিজানুর রহমান জানান, রিয়াদ গত আট মাস ধরে ওই মসজিদে ইমামতি করছেন। বুধবার এশার নামাজ শেষে তিনি মসজিদের বারান্দায় ছিলেন। সে সময় দুজন যুবক মাসআলা জানার অজুহাতে তাকে মসজিদের বাইরে ডেকে নিয়ে যান। মসজিদের দক্ষিণ দিকের একটি নির্জন জায়গায় গেলে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা ১০ থেকে ১৫ জন ব্যক্তি তার ওপর চড়াও হয়।

লাঠিসোঁটা দিয়ে মারধর করে তার মাথা, কপাল ও পা জখম করা হয়। পরে তাকে সড়কে ফেলে রেখে হামলাকারীরা চলে যায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, হামলাকারীদের সবার মুখে মাস্ক এবং মাথায় হেলমেট পরা ছিল।

ঘটনার পেছনের কারণ এখনো স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দারা জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান বলেন, ঘটনাটি নিয়ে এখনো পর্যন্ত কেউ থানায় জানাননি। লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।