নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই নেতাকে হত্যার জের ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, সাবেক মেয়রসহ দলটির নেতা-কর্মীদের অন্তত ২০ থেকে ৩০টি বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কালিয়া পৌরসভার বেন্দারচর ও বড় কালিয়া এলাকায় এই তাণ্ডব চলে। ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী, এতে ২০ থেকে ২৫টি পরিবারের অর্ধশতাধিক বসতঘর ও দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর সন্ধ্যায় কালিয়ার বেন্দারচর স্লুইসগেট এলাকায় বিএনপির একটি মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনায় দলের দুই স্থানীয় নেতা নিহত হন। ওই হত্যাকাণ্ডের দুই দিন পর শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে নিহত ব্যক্তিদের স্বজন ও ক্ষুব্ধ একদল লোক বেন্দারচর গ্রামে হামলা চালান।
হামলাকারীরা নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি, কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীমসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়িঘর ও বারদিয়া বাজারের কয়েকটি দোকানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।
কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে তাঁরা অগ্নিকাণ্ডের খবর পান। তবে রাস্তার বিভিন্ন পয়েন্টে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে রাত ৮টা বেজে যায়। ততক্ষণে আগুনে ২০ থেকে ২৫টি পরিবারের ৫০টিরও বেশি বসতঘর ও স্থাপনা পুড়ে যায়।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী ও জেলা পুলিশ জানায়, দুই বিএনপি নেতা হত্যার ঘটনায় বিক্ষুব্ধ লোকজন কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা নিয়ে ভিন্নমত রয়েছে এবং কিছু বাড়ি আগে থেকেই ভাঙচুর করা ছিল বলে পুলিশ দাবি করেছে। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে বেন্দারচর এলাকায় সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার যে গুজব ছড়ানো হয়েছে, পুলিশ সদর দপ্তর এক বিজ্ঞপ্তিতে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) নির্মিত পুরোনো ভিডিও বলে প্রত্যাখ্যান করেছে।
পুলিশ আরও জানিয়েছে, দুই বিএনপি নেতা হত্যার ঘটনায় ইতিমধ্যে বেন্দারচর গ্রামের দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


মন্তব্য