বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, শেখ হাসিনার সরকারের মতো গুম, খুন ও ক্রসফায়ারের মাধ্যমে ভিন্নমত দমন করতে চায় না তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। শুক্রবার (২০ নভেম্বর) যশোর জেলা পরিষদ মিলনায়তনে দলের স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
যশোর জেলা বিএনপি আয়োজিত এই সভায় রিজভী বলেন, সম্মিলিত গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং তার মতো দমনমূলক আচরণ বিএনপি কখনো করতে পারে না। দেশের মানুষ একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশের প্রত্যাশায় বিগত সরকারকে বিদায় দিয়েছে উল্লেখ করে তিনি জানান, বর্তমান সরকার দেশে এমন এক স্থিতিশীল ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে, যাতে ভবিষ্যতে আর কখনো ফ্যাসিবাদের উত্থান না ঘটে।
বিদেশ থেকে দেশে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র চলছে—এমন অভিযোগ তুলে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনা বিদেশে অবস্থান করেও দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টিতে মদদ দিচ্ছেন। রিজভীর দাবি, শেখ হাসিনার বিপুল অর্থসম্পদ রয়েছে এবং দেশের ভেতরে থাকা তার অনুসারীদের ব্যবহার করে বিভিন্ন স্থানে বাড়িঘর ও যানবাহনে অগ্নিসংযোগ করা হচ্ছে।
তবে গণতন্ত্রবিরোধী শক্তির এসব তৎপরতা মোকাবিলায় সরকার প্রতিহিংসা বা দমন-পীড়নের পথ বেছে নেবে না বলে স্পষ্ট করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, গণতন্ত্রের সুস্থ চর্চা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
স্মরণসভায় প্রয়াত নেতা তরিকুল ইসলামের রাজনৈতিক জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে রিজভী বলেন, তিনি ছিলেন একজন প্রজ্ঞাবান ও পূর্ণাঙ্গ রাজনীতিবিদ, যিনি ছাত্রজীবন থেকেই নানা ঘাত-প্রতিঘাত ও সংগ্রামের মধ্য দিয়ে জাতীয় নেতৃত্বের পর্যায়ে উঠে এসেছিলেন। রিজভী উল্লেখ করেন, প্রগতিশীল ছাত্ররাজনীতি থেকে উঠে আসা তরিকুল ইসলাম জাতীয় রাজনীতিতে মাওলানা ভাসানীর আদর্শে অনুপ্রাণিত ছিলেন এবং পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সহকর্মী হিসেবে গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দলের যেকোনো সংকটময় মুহূর্তে তাঁর সাংগঠনিক দক্ষতা নির্ভরতার প্রতীক ছিল বলেও মন্তব্য করেন তিনি।
যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণসভায় আরও বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।


মন্তব্য