প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নোয়াখালী শিশু পরিবারের এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র, শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করেছে নোয়াখালী কলেজ ছাত্রদল। শুক্রবার (২০ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নির্দেশনায় এই মানবিক কর্মসূচি পালন করা হয়।

উপহার হিসেবে খাদ্যসামগ্রীর পাশাপাশি শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ হাতে পেয়ে শিশুদের মধ্যে বেশ উচ্ছ্বাস ও আনন্দ দেখা যায়। আয়োজনে নোয়াখালী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাফরাতুল ইসলাম নাবিলসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

উদ্যোগটির উদ্দেশ্য তুলে ধরে নোয়াখালী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাফরাতুল ইসলাম নাবিল বলেন, এতিম শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের পড়াশোনা ও জীবনযাত্রায় সহায়তা করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।