১৬ বছর আগে বিএনপির এক কর্মীর ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় মামলা দায়ের হয়েছে। ১৩ নভেম্বর রাতে নাটোরের বড়াইগ্রাম থানায় মামলাটি দায়ের করেন বিএনপি'র কর্মী বয়েন উদ্দিন। মামলা দায়েরের পর আলমগীর হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলাটিতে বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার সাবেক মেয়র কেএম জাকির হোসেনকে অন্যতম আসামি করা হয়েছে। তিনি বনপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন। বড়াইগ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবু হত্যার আসামিও তিনি। এছাড়া অমর ডি কস্তা নামের এক সাংবাদিকসহ আরো ২৩ জনকে এই মামলায় এজাহার ভুক্ত আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামী করা হয়েছে আরো ১৫ জনকে।
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পরই বেপরোয়া হয়ে ওঠেন আসামিরা। এক পর্যায়ে তার কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানান তিনি। এতে আসামিরা তাকে প্রাণনাশের হুমকি দেন। ২০১০ সালের ২৮ নভেম্বর সন্ধ্যায় বনপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পথে কালিকাপুর ফজলিতলা গাজী বাড়ির সামনে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।
মামলায় আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজি, কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী বয়েন উদ্দিন উপজেলার কাচুটিয়া গ্রামের মকছেদ আলীর ছেলে। তিনি স্থানীয় বিএনপি'র সক্রিয় কর্মী।
মামলার এজাহারে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পরই বেপরোয়া হয়ে ওঠেন আসামিরা। এক পর্যায়ে তার কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানান তিনি। এতে আসামিরা তাকে প্রাণনাশের হুমকি দেন। ২০১০ সালের ২৮ নভেম্বর সন্ধ্যায় বনপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পথে কালিকাপুর ফজলিতলা গাজী বাড়ির সামনে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।
অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, হামলার সময় চাইনিজ কুড়াল, হাসুয়া ও রামদা দিয়ে বয়েন উদ্দিনকে এলোপাথাড়ি কুপিয়ে যখম করেন আসামিরা। পরে মৃত্যু নিশ্চিত করতে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিও করা হয়। এক পর্যায়ে মৃত ভেবে পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয় ভুক্তভোগী বয়েনকে। এরপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন আসামিরা। পরে স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসায় বয়েন উদ্দিন প্রাণে বাঁচলেও সারা জীবনের জন্য পঙ্গুত্ববরণ করেন।
মামলায় এজাহারভুক্ত আসামি করা হয়েছে—কার্যক্রম নিষিদ্ধ নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা ন্যাপের সভাপতি আব্দুর রহিম, গোলাম রসুল মধু, পৌর শ্রমিক লীগ নেতা আবুল হোসেন, দৈনিক মানবজমিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি অমর ডি কস্তা, সাবেক যুবলীগ নেতা আসাদুজ্জামান, জোয়াড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা, নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মামুন ও জিয়াউর রহমান, সাবেক সদস্য খাদেমুল বাশার, যুবলীগের সাবেক সদস্য নাজমুল হক শেখকে।
মামলার বাদি বয়েন উদ্দিন বলেন, হামলার শিকার হওয়ার পর তিনি একাধিকবার মামলাটি দায়ের করার চেষ্টা করেছেন। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় মামলা করা সম্ভব হয়নি। এ কারণে তিনি ১৬ বছর পর বিচার চেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
চাঁদা না পেয়ে বিএনপি'র কর্মীকে হত্যাচেষ্টার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করেছেন সাবেক মেয়র কেএম জাকির হোসেন। তিনি বলেন, যে অভিযোগ এনে তার নামে মামলাটি দায়ের করা হয়েছে প্রকৃতপক্ষে এই ধরনের কোন ঘটনার সাথে তিনি জড়িত নন। মূলত রাজনৈতিকভাবে হয়রানি করতেই ১৬ বছর আগের অভিযোগ এনে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
তাৎক্ষণিক মামলার অন্য আসামিদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম মামলা নথিভুক্ত করার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির কর্মী বয়েন উদ্দিনের করা মামলায় ইতোমধ্যে একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


মন্তব্য