শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে আন্দোলজাতীয়করণ আপনাদের কাছে পৌঁছে যাবেনের প্রয়োজন নেই|
— -শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের আন্দোলনে না যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও এমপিওভুক্ত করা প্রয়োজন, সে বিষয়ে মন্ত্রণালয় অবগত রয়েছে; তাই আন্দোলনের বদলে শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরে পাঠদানে মনোযোগী হওয়া উচিত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নাটোরের নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, নন-এমপিও শিক্ষকরা এমপিওর দাবিতে আসছেন এবং অনেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, "আমরা জানি কোন কোন স্কুল, কলেজ, মাদরাসা এমপিও এবং জাতীয়করণ করতে হবে। আপনারা শ্রেণিকক্ষে গিয়ে পাঠদান করুন। জাতীয়করণ আপনাদের কাছে পৌঁছে যাবে। আন্দোলন করতে গিয়ে হিরো সাজার চেষ্টা করবেন না। আমি শিক্ষামন্ত্রীর দায়িত্বে আছি। আমাকে কাজ করতে দিন।"

বদলি ও এমপিও প্রসঙ্গেও আশ্বাস দিয়ে মন্ত্রী জানান, বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে কাজ চলছে এবং তা শেষ হলে বদলি জট খুলে যাবে। তিনি বলেন, অতীতে তিনি শিক্ষামন্ত্রী থাকাকালে এনটিআরসিএ চালু করেছিলেন এবং বদলি ব্যবস্থাও তাদের উদ্যোগেই করা হয়েছিল। তাই বদলি, এমপিও কিংবা জাতীয়করণ নিয়ে সময় বেঁধে দিয়ে অযথা আন্দোলন না করার আহ্বান জানান তিনি। মন্ত্রীর ভাষায়, গত ১৯ বছরে যা আদায় করা যায়নি, প্রত্যাশা অনুযায়ী বদলি, জাতীয়করণ ও এমপিও ব্যবস্থা পর্যায়ক্রমে শিক্ষকদের কাছে পৌঁছে দেওয়া হবে।

শিক্ষা খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে ড. এহছানুল হক মিলন বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তিনি জানান, নারী শিক্ষার্থীদের জন্য ১০ লাখ সাইকেল দেওয়ার প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে সাড়ে তিন লাখ সাইকেল কেনার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রথম ধাপে ভালো ফল করা ১ হাজার ৫০০ শিক্ষার্থীসহ মোট ৩০ হাজার কম্পিউটার বিতরণের কার্যক্রম চলছে। এ ছাড়া দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও প্রতিদিন সাড়ে ৩৮ টাকার খাবার দেওয়ার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মামুদ সোহেল, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ এবং নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের অধ্যাপক শরীফ নেওয়াজ তালুকদারসহ সংশ্লিষ্টরা।