ব্রাহ্মণবাড়িয়ার হাওরবেষ্টিত নাসিরনগর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তীব্র শিক্ষক সংকটে ভেঙে পড়ার উপক্রম হয়েছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। দীর্ঘদিন ধরে ৭৫টি প্রধান শিক্ষক এবং ৫২টি সহকারী শিক্ষকের পদ শূন্য থাকায় ৭৫টি বিদ্যালয়েই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে জোড়াতালির মাধ্যমে চলছে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। এতে কোমলমতি শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, নাসিরনগরে মোট ১২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে অর্ধেকেরও বেশি অর্থাৎ ৭৫টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই এবং ৫২টি সহকারী শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে। ফলে সহকারী শিক্ষকদের ওপরই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব বর্তেছে। একদিকে দাফতরিক কাজ, ট্রেনিং ও মিটিং; অন্যদিকে নিয়মিত ক্লাস—সব মিলিয়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন শিক্ষকরা।
শূন্য পদের কারণে সহকারী শিক্ষকদের ওপর বাড়তি চাপ পড়ছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা দাফতরিক কাজ, প্রশিক্ষণ ও মিটিংয়ে ব্যস্ত থাকায় নিয়মিত ক্লাস নিতে পারছেন না, যার প্রভাব পড়ছে বাকি শিক্ষকদের ওপর এবং সর্বোপরি শিক্ষার্থীদের পড়াশোনায়।
উপজেলার গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান জানান, তাদের বিদ্যালয়ে ৩৬৪ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন মাত্র পাঁচজন। এর মধ্যে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের একটি করে পদ শূন্য থাকায় পাঠদান চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।
নাসিরনগর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. ইলিয়াস মিয়া বলেন, প্রধান শিক্ষকের অভাবে বিদ্যালয়ের নিয়মিত পাঠদান, দায়িত্ব বণ্টন এবং সার্বিক তদারকিতে নানা জটিলতা তৈরি হচ্ছে। শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া যাচ্ছে না, যা নিয়ে অভিভাবকদের মধ্যেও দুশ্চিন্তা বাড়ছে। দ্রুত স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগের দাবি জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অতিরিক্ত কাজের মানসিক চাপের কথা তুলে ধরে বলেন, "আমার চাকরির আরও ২০ বছর বাকি। কিন্তু এভাবে প্রতিনিয়ত মানসিক চাপ ও দুশ্চিন্তার মধ্যে কাজ করলে হয়তো ১০ বছরও টিকে থাকা সম্ভব হবে না।"
ফান্দাউক আতিকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষার জন্য প্রতিটি বিদ্যালয়ে স্থায়ী প্রধান শিক্ষক থাকা জরুরি। ভারপ্রাপ্তদের দিয়ে প্রশাসনিক ও পাঠদান—উভয় কাজ সামলাতে গিয়ে শিক্ষার স্বাভাবিক গতি নষ্ট হচ্ছে। এমনকি জাতীয়করণকৃত অনেক বিদ্যালয়ে প্রতিষ্ঠার পর থেকেও প্রধান শিক্ষক দেওয়া হয়নি বলে জানান তিনি।
প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. নেছার আহম্মদ বলেন, শূন্য পদের কারণে সহকারী শিক্ষকদের ওপর বাড়তি চাপ পড়ছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা দাফতরিক কাজ, প্রশিক্ষণ ও মিটিংয়ে ব্যস্ত থাকায় নিয়মিত ক্লাস নিতে পারছেন না, যার প্রভাব পড়ছে বাকি শিক্ষকদের ওপর এবং সর্বোপরি শিক্ষার্থীদের পড়াশোনায়।
সমাজসেবক লায়ন মুহাম্মদ কামাল হোসেন বলেন, শহরাঞ্চলের বিদ্যালয়ে পদ শূন্য হলে সহজেই বদলির মাধ্যমে পূরণ হয়; কিন্তু হাওরবেষ্টিত ও যোগাযোগ বিচ্ছিন্ন নাসিরনগরের বিদ্যালয়গুলোতে বদলি হয়ে আসতে চান না শিক্ষকরা। এতে শূন্য পদের সংখ্যা বাড়ছে এবং শিক্ষকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। দ্রুত সমাধান না হলে প্রাথমিক শিক্ষা আরও পিছিয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসহাক মিয়া বলেন, নীতিমালা অনুযায়ী প্রধান শিক্ষকের ৬৫ শতাংশ পদোন্নতির মাধ্যমে এবং ৩৫ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের বিধান রয়েছে। দীর্ঘদিন ধরে সরাসরি নিয়োগ বন্ধ থাকায় প্রধান শিক্ষকের পদগুলো খালি রয়েছে। এ বছর ৮ জন সহকারী শিক্ষক যোগ দিলেও আরও ৫২টি পদ শূন্য থাকায় পাঠদানে বিঘ্ন ঘটছে। তবে শূন্য পদ পূরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


মন্তব্য