'বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে কাজ করছি। কাজ শেষ হলেই বদলি জট খুলে যাবে।আন্দোলনের কোনো প্রয়োজন নেই। শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে যান। পাঠদান করুন। বদলি আপনার কাছে পৌঁছে যাবে।'
বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে আশ্বস্ত করে আজ বৃহস্পতিবার দুপুরে নাটোরের নবাব সিরাজ উদ দৌলা সরকারী কলেজের ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষা মন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন বলেন।
শিক্ষকদের উদ্দশ্যে তিনি বলেন, 'ননএমপিও শিক্ষকরা এমপিওর জন্য এসেছেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের আন্দোলন করছেন অনেক শিক্ষক। আমরা জানি কোন কোন স্কুল, কলেজ, মাদরাসা এমপিও এবং জাতীয়করণ করতে হবে। আপনারা শ্রেণিকক্ষে গিয়ে পাঠদান করুন। জাতীয়করণ আপনাদের কাছে পৌঁছে যাবে। আন্দোলন করতে গিয়ে হিরো সাজার চেষ্টা করবেন না। আমি শিক্ষামন্ত্রীর দায়িত্বে আছি। আমাকে কাজ করতে দিন।'
বদলি নিয়ে তিনি বলেন, 'আগে যখন শিক্ষামন্ত্রী ছিলাম, তখন আমিই এনটিআরসিএ চালু করেছিলাম। বদলি ব্যবস্থাটা আমাদেরই করা। কাজেই বদলি নিয়ে শিক্ষকদের হতাশ হওয়ার কারণ নেই।'
দেশে শিক্ষার প্রসারে বিএনপি সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের শতকরা ৫০ ভাগ এমপিও দিয়ে শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশমাতা বেগম খালেদা জিয়াও শিক্ষা ব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। একইভাবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আমরা শিক্ষা নিয়ে ব্যপকভাবে কাজ করছি। অযথা আন্দোলনে যাবেননা-বদলি, এমপিও এবং জাতীয়করণের জন্য সময় বেঁধে দিয়ে হিরো হওয়ার চেষ্টা করবেন না। গত ১৯ বছরে তো এসব আদায় করতে পারেন নি। আমরা প্রত্যশা অনুযায়ী বদলি জাতীয়করণ এবং এমপিও ব্যবস্থা আপনাদের কাছে পৌঁছে দেবো। শিক্ষকেরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে নিজেদের কাজ করুন। আমাদেরকেও কাজ করার সুযোগ দিন।
শিক্ষার মান উন্নয়নে শিক্ষা মন্ত্রনালয়ে কখনো বাজেটের অভাব হয়নি জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা সংস্কারের জন্য যা যা প্রয়োজন আমরা তা সবসময়ই করে আসছি। এবার আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সবচেয়ে বেশী গুরুত্ব দিচ্ছেন শিক্ষাব্যবস্থায়। প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন মেয়েদের জন্য সাড়ে তিন লাখ সাইকেল কিনতে হবে। এই প্রজেক্টে দেশের ১০ লাখ নারী শিক্ষার্থীকে সাইকেল উপহার দেওয়া হবে। এছাড়া ৩০ হাজার কম্পিউটার বিতরণের প্রক্রিয়া চলছে। ভালো ফলাফল করা ১ হাজার ৫শ শিক্ষার্থীকে প্রথম ধাপে এই কম্পিউটার দেওয়া হবে।
প্রাথমিক বিদ্যালয় নিয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। তিনি বলেন, সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেওয়া হবে। প্রতিদিন সাড়ে ৩৮ টাকার খাবার দেওয়া হবে শিক্ষার্থীদের। এছাড়া তিনি শিক্ষক খাতে আরো উন্নয়নমুলক কর্মকান্ডসহ বেশ কিছু উন্নয়নমুলক প্রকল্পের কথা জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড.খান মঈনুদ্দিন আল মামুদ সোহেল, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, নবাব সিরাজ উদ দৌলা সরকারী কলেজের অধ্যাপক শরীফ নেওয়াজ তালুকদার প্রমূখ।


মন্তব্য