বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের ২০২৬ সালের নভেম্বর মাসের বেতন-ভাতা ছাড়ের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে বেতনের প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন মিললেই দ্রুততম সময়ের মধ্যে শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে বেতনের অর্থ স্থানান্তর করা হবে।
আরও পড়ুন
এমপিও শিক্ষকদের পদোন্নতি জট খুলছে
সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সূত্র জানায়, প্রস্তাবনাটি মন্ত্রণালয়ে পৌঁছানোর পর এখন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন সম্পন্ন হলে আনুষঙ্গিক দাপ্তরিক প্রক্রিয়া শেষ করে ব্যাংকগুলোর মাধ্যমে অর্থ ছাড়ের ব্যবস্থা নেওয়া হবে। ফলে খুব অল্প সময়ের মধ্যেই শিক্ষক-কর্মচারীরা তাদের নভেম্বর মাসের প্রাপ্য বেতন-ভাতা হাতে পাবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে, নভেম্বর মাসের এমপিও বিল অনলাইনে দাখিলের কার্যক্রম শুরু হয় গত ১৬ নভেম্বর, যা চলে ২০ নভেম্বর পর্যন্ত। উল্লেখ্য, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে মাউশি অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিও অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। এই প্রক্রিয়ায় প্রতিষ্ঠান প্রধানরা তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমএস (EMS) সিস্টেমের ইএফটি মডিউলে প্রবেশ করেন এবং বিধি অনুযায়ী প্রত্যেক শিক্ষক-কর্মচারীর আলাদা আলাদা প্রাপ্য অর্থ যাচাইপূর্বক বিল সাবমিট করেন।


মন্তব্য