আগামী ডিসেম্বর মাসে কোনো বিতর্কিত ব্যক্তি যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে দেশের সীমান্ত এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
রোববার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে আখাউড়ার হীরাপুর স্কুল মাঠে অবতরণ করেন বিজিবি প্রধান।
সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পথে যেকোনো ধরনের যাতায়াত বন্ধে সারা দেশের সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব বিজিবির। এপার থেকে ওপারে কিংবা ওপার থেকে এপারে যাতে কোনো অবৈধ অনুপ্রবেশ না ঘটে, তা নিশ্চিত করতে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
নিজের সরেজমিন পরিদর্শনের বিষয়ে তিনি উল্লেখ করেন, "আজ ফেনী, কুমিল্লা এবং আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করছি। সরকারের নির্দেশনা বাস্তবায়ন এবং দেশ ও জাতির প্রত্যাশা পূরণে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা যাতে শতভাগ নিশ্চিত করা যায়, তা সরেজমিনে দেখতেই আজকের এই সফর।"
এ সময় সীমান্ত সুরক্ষায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে। কারও অবৈধভাবে আসা বা যাওয়ার কোনো তথ্য পেলে তা তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানানোর অনুরোধ করেন তিনি। তথ্য পেলে বিজিবি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে অনুপ্রবেশ ঠেকাতে সক্ষম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


মন্তব্য