ছয় কিলোমিটারের একটি খাল গত বছর ৭০ লাখ টাকায় খনন করেছিল বিএডিসি। খনন পরবর্তী সময়ে খালে পানির প্রবাহ বেড়েছে। সেই খালটি তিন অংশে ভাগ করে ১০ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। বিক্রির পর খালে বাদ দিয়ে মাছ শিকার করছেন কিনে নেওয়া ব্যাক্তিরা। ফলে খাল কেন্দ্রীক নানা সংকট দেখা দিয়েছে এই এলাকায়।

চলনবিলের বুক চিরে বয়ে চলা খালটির অবস্থান নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের হুলহুলিয়া গ্রামে। এই গ্রামের 'সমাজ উন্নয়ন পরিষদ'-ই খালটি ১০ লাখ ৯ হাজার টাকায় হুলহুলিয়া গ্রামের সজিব প্রামাণিক, সাজু শাহ ও হাসান আলী নামের তিন ব্যক্তির কাছে বিক্রি করেছে। খাল বিক্রির কথা শিকার করেছেন সমাজ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান নিজেই।

খাল বিক্রির কথা শিকার করে হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর কবির শাহ বলেন, গ্রামের সমাজ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে তার উপস্থিতিতেই খালটি ইজারা দেওয়া হয়েছে। ওই টাকা গ্রামের সব প্রতিষ্ঠানে ভাগ করে দেওয়া হয়েছে। এখানে তার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই।

স্থানীয় লোকজনের দাবি, সম্প্রতি ঢাকশহোরত বাজিয়ে হুলহুলিয়া গ্রামে খাল বিক্রির আয়োজন করা হয়। খালটি কিনতে অংশ নেন গ্রামেরই কিছু প্রভাবশালী মানুষ। দরদামের পর তিন ব্যক্তি খালের তিন অংশ ১০ লাখ ৯ হাজার টাকায় কিনে নিয়ে দখল করেন। এখন বাধ দিয়ে বিভিন্ন কায়দায় মাছ শিকার করছেন সেসব ব্যক্তিরা।

সরেজমিন ঘুরে দেখা গেল খাল দখলের ভয়াবহ চিত্র। হুলহুলিয়া থেকে দুই দিকে জয়নগর বিল এবং সারদানগর অভিমুখে খালটি বয়ে চলেছে। ৬ কিলোমিটারের এই খালকে তিন অংশে ভাগ করেছে সমাজ উন্নয়ন পরিষদ। মাছ আটকে রাখতে খালের বিভিন্ন অংশে অবৈধভাবে বাঁশের তৈরি বানা ও নেট জাল দিয়ে বেড়া দেওয়া হয়েছে। এতে করে পানির স্বাভাবিক প্রবাহ ব্যপকভাবে বাঁধাগ্রস্ত হচ্ছে। এতে সাধারণ কৃষকেরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

চলনবিলের বুক চিরে বয়ে চলা খালটির অবস্থান নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের হুলহুলিয়া গ্রামে। এই গ্রামের 'সমাজ উন্নয়ন পরিষদ'-ই খালটি ১০ লাখ ৯ হাজার টাকায় হুলহুলিয়া গ্রামের সজিব প্রামাণিক, সাজু শাহ ও হাসান আলী নামের তিন ব্যক্তির কাছে বিক্রি করেছে।
— -গ্রামের সাধারণ মানুষ

সমাজ উন্নয়ন পরিষদের দেওয়া তথ্যে জানাগেছে, হুলহুলিয়া থেকে সারদানগর ডুবা ব্রিজ পর্যন্ত ৪ কিলোমিটার খালের বিভিন্ন অংশে বানা ও নেট জালের বেড়া দিয়ে খাল দখল করেছেন সজিব প্রামাণিক। তিনি খলের এই অংশ ৬ লাখ টাকায় কিনেছেন। খালটির ওই অংশ সজিব প্রামাণিক নিজেই পাহারা দিচ্ছেন।

সমাজ উন্নয়ন পরিষদের কাছ থেকে ৪ কিলোমিটারের দুটি অংশ কেনার কথা শিকার করেছেন খালের ক্রেতা সজিব প্রামাণিক। তিনি বলেন, এই মওসুমে মাছ শিকারের জন্য খাল কিনে বিভিন্ন অংশে তিনি সুবিধামতো বেড়া দিয়েছেন। কোনো ব্যক্তি যাতে তার কেনা অংশে মাছ শিকার করতে না পারেন, সে জন্য তিনি পাহারা বসিয়েছেন। খাল বিক্রির টাকা হুলহুলিয়া গ্রামের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যয়ের সিদ্ধান্ত হয়েছে বলেও তিনি জানান।

এছাড়া হুলহুলিয়া থেকে জয়নগর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার খাল সাড়ে তিন লাখ টাকায় কিনেছেন ওই গ্রামের সাজু শাহ। এই আড়াই কিলোমিটারের বিভিন্ন অংশে তিনি বাঁশ ও বানার বেড়া দিয়ে দখলে রেখেছেন।

এদিকে হুলহুলিয়া গ্রামের প্রবেশ পথে খালের আরো একটি অংশ ৫৫ হাজার টাকায় কিনেছেন হাসান আলী নামে আরেক ব্যক্তি। তিনি বলেন, হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের সভায় খাল বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। এর পর তারা দরদাম করে খাল কিনে নেন মাছ শিকারের জন্য।

পানির প্রবাহ ফিরিয়ে আনতে গত দুই বছর আগে এই খালটি পুনর্খনন করা হয়। সিংড়া বিএডিসির তথ্য বলছে, ২০২০-২১ ও ২২-২৩ এই দুটি অর্থবছরে প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে সিংড়ার হুলহুলিয়া থেকে জয়নগর বিল এবং হুলহুলিয়া থেকে সারদানগর পর্যন্ত ৬ কিলোমিটার খনন করা হয়। খনন কাজটি ছিল পাবনা-নাটোর-সিরাজগঞ্জ জেলায় ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আওতায়। উদ্দেশ্য ছিল বিলের পানি নিষ্কাশন ব্যবস্থা সহজ লভ্য করা, উন্মুক্ত জলারাশিতে মাছ শিকার এবং খালের পানিতে সেচ সচল রাখা।

স্থানীয় কৃষক শহিদুল ইসলামের দাবি- খনন পরবর্তী সময়ে পানির প্রবাহ বেড়েছে। কিন্তু সেই পানির সুফল পাচ্ছে না কৃষক। টাকার নেশায় প্রভাবশালী ব্যক্তিরা খালটিই বিক্রি করে দিয়েছেন। ফলে মৎস্যজীবী এবং কৃষকদের খালে নামতে দিচ্ছেন না দখলদারেরা।

নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসীরা জানিয়েছেন, এভাবে সরকারি খাল-বিল কেনাবেচা ও দখল করা বেআইনি। খালটি প্রভাবশালীদের দখলে যাওয়ায় সুফলবঞ্চিত হচ্ছেন এলাকার মৎস্যজীবী, দিনমজুর ও সাধারণ কৃষক। তাছাড়া খালে বাঁধ দেওয়ায় কচুরিপানা নামছে না। ফলে রবিশস্য চাষাবাদ নিয়ে শঙ্কায় রয়েছেন এই এলাকার বহু কৃষক।

বিএডিসি সিংড়া জোনের সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) মানিক রতন বলেন, তাদের খননকৃত খাল বিক্রির কোনো নিয়ম নেই সাধারণ মানুষের। কেউ খাল বিক্রির মাধ্যমে দখল করলে যথাযথ ব্যবস্থা নেবেন তারা।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন বলেন, খাল-বিল শুকিয়ে মাছ শিকারে চলনবিলের মারাত্মক ক্ষতি হচ্ছে। অভিযোগ পেলে খাল-বিল দখলমুক্ত করার ব্যবস্থা নেবেন তিনি।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, সরকারি খালে বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহে বাঁধা দেওয়া ও শুকিয়ে মাছ ধরার কোনো সুযোগ নেই। এ বিষয়ে খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।