সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী রেজিনা খাতুনকে (৩০) নৃশংসভাবে হত্যার দায়ে স্বামী মো. মোতালেব শেখকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং তা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম বা সশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. মাসুদ পারভেজ এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ ও এজাহার থেকে জানা যায়, প্রায় আড়াই বছর আগে উল্লাপাড়ার ব্রাহ্মণবাঘ গ্রামের মো. মোকছেদ আলীর ছেলে মোতালেব শেখের সঙ্গে একই উপজেলার এরান্দহ কারিগড়পাড়া গ্রামের মো. আব্দুল আজিজ সরকারের মেয়ে রেজিনা খাতুনের তৃতীয় বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকেই নানা কারণে রেজিনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন মোতালেব।

একপর্যায়ে গত বছরের ১২ জুন দিবাগত রাতে ধারালো ছুরি দিয়ে স্ত্রী রেজিনা খাতুনকে গলা কেটে হত্যা করেন মোতালেব। রাতে আট মাস বয়সী শিশু মাহিয়ার কান্নার শব্দ পেয়ে স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে ঘরের ভেতর রেজিনার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন।

এ ঘটনায় নিহতের চাচাতো ভাই মো. আব্দুল আজিজ সরকার বাদী হয়ে সলঙ্গা থানায় দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ডাদেশ দেন। রায়ে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় এবং ফৌজদারি কার্যবিধির ৩৫এ ধারা অনুযায়ী তার পূর্বের হাজতবাসের সময় সাজা থেকে বাদ দেওয়ার কথা বলা হয়।