নোয়াখালীর চাটখিল উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের মধ্যে আটটিতে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় কার্যালয়গুলো থেকে সেবা নিতে আসা সাধারণ মানুষ ও কর্মচারীদের বের করে দেওয়া হয় বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে পর্যায়ক্রমে এসব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা দেওয়া হয়। উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের মধ্যে শাহাপুর ছাড়া বাকি আটটিতে এ ঘটনা ঘটে। তালা দেওয়া পরিষদগুলো হলো—রামনারায়ণপুর, পরকোট, বদলকোট, মোহাম্মদপুর, পাঁচগাঁও, হাটপুকুরিয়া-ঘাটলাবাগ, নোয়াখলা ও খিলপাড়া।
সংশ্লিষ্ট চেয়ারম্যানদের ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক ক্ষোভ থেকেই এ ঘটনা ঘটানো হয়েছে। কয়েকটি পরিষদে নেতাকর্মীরা ‘ওপরের নির্দেশ’ রয়েছে বলে দাবি করে কার্যালয় বন্ধ করতে বাধ্য করেন বলেও অভিযোগ করেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ চাটখিল থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ হোসেনের বাড়ির সামনে একদল নেতাকর্মী অবস্থান নিয়ে স্লোগান দেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা ইউনিয়ন পরিষদে প্রবেশ করে চেয়ারম্যানের কক্ষের আসবাবপত্র ভাঙচুর এবং কাগজপত্র তছনছ করেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে সেবাগ্রহীতা ও কর্মচারীদের বের করে দিয়ে কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
অন্যদিকে, দুপুর ১২টার দিকে নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মানিকের কার্যালয়ে গিয়ে একদল নেতাকর্মী কার্যালয় বন্ধ করে চলে যেতে বলেন। তখন পরিষদে টিসিবির পণ্য বিতরণ ও জন্মনিবন্ধনের কার্যক্রম চলছিল। পরে চেয়ারম্যান ও সচিবসহ কর্মচারীরা বের হয়ে গেলে কার্যালয়ে তালা দেওয়া হয়। এতে টিসিবির পণ্য বিতরণ সাময়িকভাবে ব্যাহত হয় এবং পরে বৃষ্টির মধ্যে সড়কে দাঁড়িয়ে উপকারভোগীদের মাঝে পণ্য বিতরণ করেন ডিলার।
এ বিষয়ে জানতে চাইলে চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ বলেন, “বিষয়টি আমি সন্ধ্যার দিকে শুনেছি এবং খোঁজখবর নিচ্ছি। যারা বর্তমানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে অর্থায়নের অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে জেলার নেতাদের সঙ্গে আলোচনা করব।”
আটটি ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, “স্থানীয় কিছু নেতাকর্মী এসব তালা দিয়েছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কিছু কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে তারা এমনটি করেছেন বলে জানিয়েছেন। আমরা তাদের বুঝিয়েছি যে, এ ধরনের কাজ সরকারের ভাবমূর্তির পক্ষে যাচ্ছে না। তারা বিষয়টি না বুঝে করেছেন বলে জানিয়েছেন। সিদ্ধান্ত হয়েছে, আগামী রোববার থেকে ইউনিয়ন পরিষদগুলোর স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু হবে।”


মন্তব্য