সুনামগঞ্জের দিরাই উপজেলা ভূমি অফিসের গাড়িচালক বিপ্লব বর্মনের বিরুদ্ধে নামজারি করে দেওয়ার কথা বলে দুই ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার ৮০০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, টাকা নেওয়ার প্রায় তিন বছর পেরিয়ে গেলেও জমির নামজারি হয়নি; এমনকি ভুক্তভোগীরা তাঁদের টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রও ফেরত পাননি। এ নিয়ে চরম বিপাকে পড়েছেন ভুক্তভোগী দুই জমির মালিক।

প্রতিকার ও তদন্তের দাবিতে গত ৮ নভেম্বর ২০২৬ তারিখে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী হুমায়ূন কবির।

যেভাবে টাকা লেনদেন ও ভোগান্তির শুরু

লিখিত অভিযোগ ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, দিরাই উপজেলার জগদল ইউনিয়নের সিকন্দরপুর গ্রামের তারেক মাহমুদ (পিতা: মৃত চাম্পা মুন্সী) ও হুমায়ূন কবির (পিতা: মৃত কাছন উল্লা) তাঁদের আলাদা দুটি জমির নামজারি দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ২০২৩ সালে দিরাই উপজেলা ভূমি অফিসে যান।

ভুক্তভোগীদের দাবি, ভূমি অফিসের কর্মকর্তার সঙ্গে পরামর্শ শেষে বের হওয়ার পর গাড়িচালক বিপ্লব বর্মন তাঁদের নামজারি দ্রুত করিয়ে দেওয়ার আশ্বাস দেন। সাধারণ নিয়মে নামজারি করতে অনেক সময় লাগতে পারে বলে জানান তিনি এবং ভূমি কর্মকর্তার ঘনিষ্ঠতার পরিচয় দিয়ে মাত্র ১৫ দিনের মধ্যে কাজ শেষ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। নামজারি প্রক্রিয়া জটিল মনে হওয়ায় তাঁর কথায় আস্থা রাখেন দুই জমির মালিক।

অভিযোগ অনুযায়ী, বিপ্লব বর্মন ভুক্তভোগীদের তাঁর ছোট ভাই বিজয় বর্মনের দোকানে নিয়ে যান এবং সেখানে অনলাইনে নামজারির আবেদনের ব্যবস্থা করেন। এরপর বিজয় বর্মনের কাছে নগদে মোট ১৫ হাজার ৮০০ টাকা দেওয়া হয়।

তিন বছরেও সমাধান মেলেনি

ভুক্তভোগী হুমায়ূন কবির জানান, ২০২৩ সালে তিনি ৪ হাজার টাকা এবং তারেক মাহমুদ ১১ হাজার ৮০০ টাকা দেন। প্রতিশ্রুতি অনুযায়ী ১৫ দিনের মধ্যে কাজ হওয়ার কথা থাকলেও প্রায় তিন বছর কেটে গেছে, কিন্তু নামজারি সম্পন্ন হয়নি। তাঁর অভিযোগ, বিপ্লব বর্মনকে বারবার ফোন করেও পাওয়া যায় না; দেখা হলে কখনো আজ, কখনো কাল বলে টালবাহানা করেছেন। এখনও তাঁদের টাকা ও জমির প্রয়োজনীয় কাগজপত্র ফেরত দেওয়া হয়নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে গাড়িচালক বিপ্লব বর্মন টাকা নেওয়ার কথা স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, টাকা ও দোকান বিক্রি করে তাঁর ছোট ভাই বিজয় বর্মন চলে গেছেন এবং টাকাটি ভাই নিয়ে গেছে, তাঁকে দেয়নি। তা সত্ত্বেও কিছুটা সময় লাগলেও নামজারি করে দেওয়ার কথা ভুক্তভোগীদের বলেছেন বলে জানান তিনি। কত টাকা নেওয়া হয়েছে—এমন প্রশ্নের উত্তরে ১৫ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করেন বিপ্লব বর্মন।

এ বিষয়ে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার বলেন, অভিযোগপত্রটি তাঁরা পেয়েছেন এবং তদন্তসাপেক্ষে বিষয়টি খতিয়ে দেখবেন।

এদিকে, নামজারির মতো গুরুত্বপূর্ণ নাগরিক সেবায় একজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে অর্থ নেওয়ার অভিযোগ ওঠায় এলাকায় নানা আলোচনা চলছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভুক্তভোগীদের টাকা ও কাগজপত্র দ্রুত ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।