নোয়াখালীর কবিরহাট উপজেলায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে মিনহাজ আহম্মেদ সীমান্ত (১১) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ছনখোলা এলাকার একটি পুকুরের ঘাটলার সিঁড়ির নিচ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন।
নিহত সীমান্ত নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নরোত্তমপুর গ্রামের কালামিয়ার পোল এলাকার মৃত জহিরুল ইসলাম জুয়েলের ছেলে। সে স্থানীয় নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
যেভাবে দুর্ঘটনাটি ঘটে
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের মাঠে দুই বন্ধুর সঙ্গে ফুটবল খেলা শেষে পাশের একটি পুকুরে গোসল করতে নামে সীমান্ত। গোসলের একপর্যায়ে তিন বন্ধু পুকুরঘাটের সিঁড়ির এক পাশ দিয়ে ডুব দিয়ে অন্য পাশ দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল। এ সময় অসাবধানতাবশত সীমান্ত সিঁড়ির নিচের অংশে আটকে যায়।
বেশ কিছুক্ষণ পার হয়ে গেলেও সীমান্ত পানির ওপরে ভেসে না ওঠায় তার দুই বন্ধু আতঙ্কিত হয়ে স্থানীয়দের খবর দেয়। গ্রামবাসী তাৎক্ষণিকভাবে পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে কবিরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং পুকুরের সিঁড়ির নিচ থেকে সীমান্তকে মৃত অবস্থায় উদ্ধার করে।
কবিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নুরুল কবির সরকার জানান, সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন এবং রাত ৮টার দিকে পুকুরের সিঁড়ির নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল বড়ুয়া বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা নথিভুক্ত করা হয়েছে।


মন্তব্য