বুধবার ঈশ্বরদী-ঢাকা রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনে স্থানীয় জনতা পাবনা এক্সপ্রেসসহ সকল আন্তঃনগর এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে সকাল থেকে মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় এই পথে লাহিড়ী মোহনপুর রেলপথের পূর্ব পশ্চিম প্রান্তের বিভিন্ন স্থানে আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস, স্লিকসিটি এক্সপ্রেস, পাবনা এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন আটকা পড়ে। এসময় রাজধানীর ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় সংসদ সদস্য (সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া) মাওলানা রফিকুল ইসলাম খান এর হস্তক্ষেপে অবশেষে প্রায় সাড়ে ৩ ঘন্টা পর অবরোধকারীর রেলপথ ছেড়ে দিলে ট্রেন চলাচল আবার শুরু হয়।

লাহিড়ী মোহনপুর রেলওয়ের স্টেশনে স্টেশন মাস্টার রিজন হোসেন জানান, পাবনা এক্সপ্রেসসহ সকল আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের লাহিড়ী মোহনপুর স্টেশনে যাত্রাবিরতির দাবিতে বুধবার সকাল ৮টা থেকে স্থানীয় লোকজন রেলপথের ওপর দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি শুরু করে। ক্রমাগত এই কর্মসূচিতে লোক সংখ্যা বাড়তে থাকে। সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর এক্সপ্রেস সিল্কসিটি লাহিড়ী মোহনপুর স্টেশন অতিক্রম করার সময় মানবন্ধনে অংশগ্রহণকারী জনতা ট্রেনের সামনে দাঁড়িয়ে রেলপথ অবরোধ করে। তারা পাবনা এক্সপ্রেসহ অন্যান্য আন্তঃনগর এক্সপ্রেস ট্রের লাহিড়ী মোহনপুর স্টেশনে যাত্রাবিরতির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এসময় বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন স্টেশনের পূর্ব ও পশ্চিমপ্রান্তে আটকা পড়ে। পরে উল্লাপাড়ার সংসদ সদস্য রফিকুল ইসলাম খান এর হস্তক্ষেপে বেলা ১১ টা ২০ মিনিটে অবরোধকারীরা রেলপথ ছেড়ে দিলে উক্ত রেলপথে ট্রেন চলাচল আবার শুরু করে।

মানববন্ধনে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, লাহিড়ী মোহনপুর সিরাজগঞ্জের গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র। চলনবিলবেষ্টিত এই স্টেশন বাজারে সিরাজগঞ্জের সবচেয়ে বেশি মাছ কেনাবেচা হয়ে থাকে। এখান থেকে দেশের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ মাছ ব্যবসায়ীরা পাঠিয়ে থাকেন। কিন্তু কোনো আন্তঃনগর ট্রেনের লাহিড়ী মোহনপুর স্টেশনে যাত্রাবিরতি না থাকায় এখানকার লোকজন ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। তারা চলতি সপ্তাহে চালু হওয়া পাবনা থেকে ঢাকার মধ্যে চলাচলকারী আন্তঃনগর পাবনা এক্সপ্রেসের যাওয়া ও ফেরার পথে লাহিড়ী মোহনপুর স্টেশনে যাত্রা বিরতি সহ সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানান।

পাকশী রেলওয়ে বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, মানববন্ধনকারীরা তাঁদের কাছে কোনো আবেদন বা কোনো রকম দাবিনামা পাঠায়নি। কাউকে কিছু না জানিয়ে এভাবে মানববন্ধনের নামে রেলপথ অবরোধ করে ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়া সম্পূর্ণ অবৈধ। মানববন্ধনকারীদের কর্মকাণ্ডে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখবে রেল কর্তৃপক্ষ।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান জানান, বেলা ১১টার দিকে লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনে স্থানীয় জনতার রেলপথ অবরোধ ও মানবন্ধন কর্মসূচি চলাকালে পশ্চিম রেলওয়ের মহা ব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম তাকে ফোন করেন এবং এই পথে ট্রেন চলাচল দ্রুত শুরু করার ব্যবস্থা নিতে অনুরোধ জানান। তিনি জনতার দাবির বিষয়ে মহা ব্যবস্থাপককে অবহিত করলে এ বিষয়টি রেলকর্তৃপক্ষ বিবেচনা করবে বলে মহা ব্যবস্থাপক সাংসদকে আশ্বস্ত করেন। পরে অবরোধকারীরা সংসদ সদস্যের অনুরোধে অবরোধ কর্মসূচি প্রত্যহার করে।