নাটোরের সিংড়া উপজেলার চলনবিল এলাকায় বৈরী আবহাওয়া ও টানা কয়েক দিনের বৃষ্টিতে রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। শস্যভান্ডার হিসেবে পরিচিত এই অঞ্চলে সরিষা, আলু, ভুট্টা ও গমসহ শীতকালীন বিভিন্ন ফসলের জমি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।
চলতি মৌসুমে অনুকূল পরিবেশের আশায় চলনবিলের বিস্তীর্ণ ফসলি মাঠে সরিষা, আলু, ভুট্টা, গম, রসুন ও খেসারির আবাদ করেছিলেন চাষিরা। অনেক জমিতে চারা গজিয়ে উঠতে শুরু করেছিল, আবার কিছু জমিতে সবেমাত্র বীজ বপন করা হয়েছিল। কিন্তু হঠাৎ অতিবৃষ্টিতে নিচু ও সমতল জমিগুলোতে পানি জমে যায়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় অনেক ফসলি জমি জলাবদ্ধ হয়ে পড়েছে। জমে থাকা পানিতে আলু ও সরিষার বীজ নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি ভুট্টা ও গমের চারাগুলোও পানিতে ডুবে হলুদ হয়ে যেতে শুরু করেছে।
ক্ষতিগ্রস্ত একাধিক চাষি জানান, মহাজন ও এনজিও থেকে ঋণ নিয়ে তারা শীতকালীন ফসলের আবাদ করেছিলেন। ভালো ফলনের যে আশা তারা করেছিলেন, তা এখন জলাবদ্ধতায় হুমকির মুখে। ঋণের কিস্তি পরিশোধ এবং সংসারের খরচ চালানো নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। দ্রুত পানি নামানো না গেলে ক্ষতির মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কৃষকরা।
এ বিষয়ে সিংড়া উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান বলেন, অতিবৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে ক্ষতিগ্রস্ত জমি ঘুরে দেখে ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করছেন এবং কৃষকদের দ্রুত পানি নিষ্কাশনের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।


মন্তব্য