অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে আসন্ন বাংলাদেশ সফর স্থগিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ৭ ও ৮ ডিসেম্বর দুই দিনের সরকারি সফরে তাঁর ঢাকায় আসার কথা ছিল। বাংলাদেশ সফরের পাশাপাশি তাঁর নির্ধারিত থাইল্যান্ড সফরও স্থগিত করা হয়েছে।

আজ শনিবার (২৮ নভেম্বর) মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাতে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৭ ডিসেম্বর ঢাকায় পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। ওই বৈঠকে অভিবাসী কর্মী নিয়োগ ও কল্যাণ, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনার কথা ছিল। এর আগে গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনেও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর গত জুনে আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়া সফর করেন, যা ছিল তাঁর প্রথম সরকারি বিদেশ সফর। অন্যদিকে, আনোয়ার ইব্রাহিম সর্বশেষ ২০২৪ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সফর করেছিলেন। সে সময় তিনি তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছিলেন।