ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর থেকেই রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালাচ্ছেন এবং ভোটের ফলাফলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন। দীর্ঘদিন ক্ষমতায় থাকা এই নেতার ক্ষমতা ছাড়ার সম্ভাবনা তৈরি হলেও তা নির্ভর করছে বিরোধী নেতা গাদি আইজেনকটের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয় কি না, তার ওপর।
বিরোধীরা সরকার গঠনে সফল হতে চাইলে ইসরায়েলের আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন প্রয়োজন হতে পারে। এ প্রেক্ষাপটে আরব দলগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন নেতানিয়াহু। পাশাপাশি নির্বাচনে কারচুপির অভিযোগও তুলেছেন তিনি, যদিও এসব দাবির সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। এদিকে শিন বেতের প্রধান ও নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ডেভিড জিনির বিরুদ্ধে বিদেশি হস্তক্ষেপের সন্দেহে পাঁচজন আরব আইনপ্রণেতার ফোনে আড়ি পাতা এবং নির্বাচনের দিন আরব বংশোদ্ভূত কয়েকজন রাজনীতিককে গ্রেপ্তারের অনুমতি চাওয়ার খবর প্রকাশ হয়েছে। অ্যাটর্নি জেনারেল এসব অনুরোধ নাকচ করলেও ইয়ার লাপিদ ও জয়েন্ট লিস্টের প্রধান ইউসেফ জাবারিনসহ বিরোধী নেতারা একে ‘অভ্যুত্থানের চেষ্টা’ হিসেবে আখ্যা দিয়েছেন। নির্বাচনের আগে ভোট কেনাবেচার অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সাজানো হয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।
ব্যক্তিগত ও আইনি সংকট
বিশ্লেষক ও রাজনীতিকদের মতে, নেতানিয়াহুর এসব তৎপরতার পেছনে মূল কারণ ক্ষমতায় টিকে থাকা অথবা নিজের ও মিত্রদের ওপর নির্ভরশীল একটি সরকার গঠনের চেষ্টা। ক্ষমতা হারালে তাঁর রাজনৈতিক উত্তরাধিকারের পাশাপাশি ব্যক্তিস্বাধীনতাও বড় ঝুঁকির মুখে পড়তে পারে। ২০১৯ সাল থেকে তিনটি পৃথক মামলায় ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে বিচারের মুখোমুখি নেতানিয়াহু; দোষী প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
পাশাপাশি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে গোয়েন্দা ও নিরাপত্তা ব্যর্থতা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠনের দাবিও জোরালো হয়েছে। মিসর ও সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সতর্কবার্তা নিয়ে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনগুলোর পর এ দাবি আরও গতি পেয়েছে এবং নতুন পার্লামেন্ট অধিবেশনের আইন প্রণয়ন তালিকায়ও বিষয়টি গুরুত্ব পেয়েছে।
লন্ডনের কিংস কলেজের বিশ্লেষক আহরন ব্রেগম্যান বলেন, ‘নেতানিয়াহু এখন আহত পশুর মতো আচরণ করছেন। নির্বাচনে হেরে যাওয়া তাঁর কাছে শুধু রাজনৈতিক বিষয় নয়, ব্যক্তিগত বিষয়ও। বিশেষ করে তাঁর দুর্নীতির বিচার চলছে, যার পরিণতিতে তাঁকে কারাগারেও যেতে হতে পারে। প্রধানমন্ত্রিত্ব হারানো মানে তাঁর সুরক্ষাকবচ হারানো। তাই নেতানিয়াহুর কাছে কোনো কিছুই এখন অসম্ভব নয়।’
সহিংসতা ও গৃহযুদ্ধের শঙ্কা
নির্বাচনের পরপরই ইসরায়েলে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা বেড়েছে। ডানপন্থী বিক্ষোভকারীরা বিরোধী নেতা গাদি আইজেনকটের বাড়ির সামনে জড়ো হয়ে আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনের বিরুদ্ধে সতর্ক করেন এবং তাঁকে ‘বিশ্বাসঘাতক’ বলে স্লোগান দেন। এ ছাড়া হাইফার ইহুদি ধর্মীয় আদালতের সাবেক প্রধান রাব্বি গেদালিয়া অ্যাক্সেলরডের এক চিঠিতে ‘দিন রোদেফ’ বা ‘ধাওয়া করার আইন’ নামের ধর্মীয় বিধানের উল্লেখ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে—১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইৎজাক রবিনকে হত্যার পক্ষে একই বিধান ব্যবহার করেছিলেন ঘাতক ইয়িগাল আমির। সমালোচকদের কেউ কেউ এমন অভিযোগও করেছেন যে ক্ষমতা ধরে রাখতে ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ বাধানোর চেষ্টা করেছেন নেতানিয়াহু।
হাদাশ পার্টির সংসদ সদস্য ওফের কাসিফ বলেন, ‘আইজেনকটের সরকার গঠনে যত দেরি হবে, রাজনৈতিক সহিংসতার ঝুঁকি তত বৃদ্ধি পাবে। ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু যেকোনো কিছু করতে প্রস্তুত। আমি সত্যিই যেকোনো কিছুর কথা বলছি। ডানপন্থীদের মধ্যে গৃহযুদ্ধের কথা বলা হচ্ছে। আমি সেই আশঙ্কা উড়িয়ে দিতে পারছি না।’
অন্যদিকে নির্বাচনের আগের রাতে পুলিশকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে নেতানিয়াহুর সহযোগীদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত হতে পারে বলে আভাস রয়েছে। আর শিন বেতের প্রধান জিনি গণতান্ত্রিক প্রক্রিয়া বানচালের চেষ্টায় জড়িত থাকলে তাঁর পদ ও সংস্থার স্বাধীনতা ঝুঁকিতে পড়তে পারে।
চ্যাথাম হাউসের জ্যেষ্ঠ পরামর্শক ফেলো ইয়োসি মেকেলবার্গ বলেন, ‘নেতানিয়াহু নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে লড়ছেন। এ জন্য তাঁর আশপাশের সহযোগীরা বিপদে পড়লেও তিনি পরোয়া করেন না। তবে এবার তিনি সফল না-ও হতে পারেন। সহযোগীদের পরিণতি কিংবা নিজের রাজনৈতিক উত্তরাধিকার—কোনো কিছু নিয়েই তাঁর মাথাব্যথা নেই। তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্ষমতায় টিকে থাকা।’


মন্তব্য