যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির শতবর্ষ পুরোনো ও কড়া নিরাপত্তাবেষ্টিত সামরিক আবাসনগুলোতে এখন বসবাস করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার বেশ কয়েকজন জ্যেষ্ঠ সদস্য। অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতা ও বিদেশি হুমকির প্রেক্ষাপটে নিজেদের সুরক্ষিত রাখতে তাঁরা সাধারণ আবাসিক এলাকা ছেড়ে সামরিক ঘাঁটিতে উঠেছেন। বর্তমান প্রশাসনের প্রায় ছয়জন শীর্ষ কর্মকর্তা সামরিক আবাসনে থাকছেন, যা মার্কিন ইতিহাসে একটি নজিরবিহীন সংখ্যা।
হুমকির মুখে বাসস্থান পরিবর্তন
চলতি মাসে সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়, ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্রের হামলা চালিয়ে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে ইরান। এই উদ্বেগের মধ্যেই সম্প্রতি ওয়াশিংটনের জর্জটাউনের বিলাসবহুল বাড়ি ছেড়ে একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে উঠেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সিএনবিসিকে তিনি জানান, ইরানের পক্ষ থেকে জীবনের হুমকি আসায় তাঁকে বাসা বদলাতে হয়েছে। নিরাপত্তার কারণে মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চকেও সামরিক ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছে; এর আগে তাঁর পূর্বসূরি পাম বন্ডিও গত বছর সামরিক আবাসনে ছিলেন।
অন্যদিকে, রক্ষণশীল কর্মী চার্লি কার্ক নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতা ও হুমকির ঘটনা বেড়েছে। হোয়াইট হাউসের চিফস অব স্টাফ স্টিফেন মিলার ও তাঁর স্ত্রী কেটি মিলার গত বছর ভার্জিনিয়ার বাড়ি ছেড়ে সামরিক আবাসনে ওঠেন। তাঁদের বাড়ির সামনে বিক্ষোভ, ঠিকানাসংবলিত প্রচারপত্র বিতরণ এবং দীর্ঘদিনের অনুসরণের অভিযোগ ছিল।
একই ঘাঁটিতে রুবিও, হেগসেথ ও মিলার
পটোম্যাক ও অ্যানাকোস্টিয়া নদীর মিলনস্থলে অবস্থিত ফোর্ট ম্যাকনায়ার সামরিক ঘাঁটির ‘জেনারেলস রো’ এলাকায় এখন স্টিফেন মিলারের প্রতিবেশী হিসেবে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সাধারণত উচ্চপদস্থ সামরিক জেনারেলদের জন্য নির্ধারিত এই আবাসনগুলোতে প্রতিবেশী হিসেবে তাঁদের বসবাসের নানা গল্পও উঠে এসেছে। রুবিওর পোষা কুকুর ভুল করে হেগসেথের বাড়িতে ঢুকে পড়া কিংবা হেগসেথের বিড়ালের রুবিওর বারান্দায় বসে থাকার মতো ঘটনাগুলো ঘাঁটির ভেতরের ঘনিষ্ঠ ও সুরক্ষিত পরিবেশকেই তুলে ধরে।
ভাড়া, সংস্কার ব্যয় ও তদন্ত
সামরিক আবাসনে থাকা কর্মকর্তাদের বাসভবনের ধরন অনুযায়ী সাধারণত মাসিক সাড়ে চার হাজার ডলারের বেশি ভাড়া দিতে হয়। ২০০৮ সালে পেন্টাগনের প্রস্তাবে কংগ্রেস আইন পরিবর্তন করে চার তারকা জেনারেল বা অ্যাডমিরালদের নির্ধারিত ভাড়ার চেয়ে মাত্র ৫ শতাংশ বেশি অর্থ দিয়ে সামরিক আবাসন ভাড়া নেওয়ার সুযোগ দেয়, যার ভিত্তি তৈরি হয়েছিল সাবেক প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের সময়ে। যুক্তি ছিল, সামরিক ঘাঁটির বিদ্যমান নিরাপত্তা ব্যবহার করলে সাধারণ এলাকায় আলাদা নিরাপত্তা স্থাপনের বিপুল খরচ থেকে করদাতাদের অর্থ বাঁচে। তবে গত বছর ফোর্ট ম্যাকনায়ারে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বাসভবন সংস্কার ও উন্নয়নে ১ লাখ ৩৭ হাজার ২৯৭ ডলার ব্যয়ের পরিকল্পনা নিয়ে সমালোচনা হয়েছিল।
এবার সামরিক আবাসনে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বসবাস নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। ক্যালিফোর্নিয়ার কংগ্রেস সদস্য জর্জ হোয়াইটসাইডসের প্রস্তাবে প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনীবিষয়ক কমিটি অনুমোদন দিয়েছে, যার আওতায় আগামী বসন্তের মধ্যে পেন্টাগনকে একটি প্রতিবেদন দিতে হবে। সেখানে কী ধরনের হুমকির কারণে তাঁরা সেখানে থাকছেন, কোন আইনি ক্ষমতায় এই ব্যবস্থা হয়েছে এবং ভাড়া বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না—তা স্পষ্ট করতে হবে।
গণতান্ত্রিক ঐতিহ্য ও বিচ্ছিন্নতার শঙ্কা
বিশেষজ্ঞদের মতে, সামরিক স্থাপনায় বসবাসের এই প্রবণতা ভবিষ্যতের প্রশাসনগুলোতেও থেকে যেতে পারে, তবে এটি মার্কিন গণতান্ত্রিক ঐতিহ্যের পরিপন্থী—যেখানে জনপ্রতিনিধি ও শীর্ষ কর্মকর্তারা সাধারণ নাগরিকদের মতোই একই পাড়ায় বসবাস করেন। আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক টমাস কান ফোর্ট ম্যাকনায়ারকে ‘নিজের মধ্যে আলাদা এক জগৎ’ হিসেবে বর্ণনা করে বলেন, চারদিক ঘেরা এই পরিবেশে কর্মকর্তাদের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব ও বিচ্ছিন্নতা আরও প্রকট হচ্ছে। যদিও হোয়াইট হাউসের এক কর্মকর্তা দাবি করেছেন, নিরাপত্তার হুমকির কারণে সামরিক আবাসনে থাকলেও রাজধানীকে নিরাপদ ও সুন্দর করতে প্রশাসনের উদ্যোগে তাঁরা ব্যক্তিগতভাবে অবদান রাখছেন।


মন্তব্য