রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। শুক্রবার (২০ নভেম্বর) রাজধানী নেপিদোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির সরকারের মুখপাত্র খাইং খাইং সোয়ে এই রায়কে ‘অন্যায়’ ও ‘ন্যায়সংগত নয়’ বলে অভিহিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে মিয়ানমারের মুখপাত্র দাবি করেন, তাঁদের দেশকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে এবং আদালতের এই সিদ্ধান্ত সর্বসম্মত নয়। আইসিজেকে একটি ‘রাজনৈতিক সংস্থা’ হিসেবে ইঙ্গিত করে তিনি বলেন, এ ধরনের প্রতিষ্ঠানের বিচারিক ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়।
গাম্বিয়ার দায়ের করা মামলার দীর্ঘ প্রায় সাত বছর পর এই ঐতিহাসিক রায় ঘোষণা করলেন আইসিজে। এর মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হলো। এ ছাড়া নাৎসি হলোকাস্টের পর কোনো আন্তর্জাতিক আদালতে গণহত্যার আইনি মানদণ্ড পূরণের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে এটি চতুর্থ ঘটনা।
আদালতের ১৯১ পৃষ্ঠার পর্যবেক্ষণে বলা হয়েছে, মিয়ানমারের সামরিক বাহিনী তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযানের নামে রোহিঙ্গা পুরুষ ও কিশোরদের নির্বিচারে হত্যা করেছে। পাশাপাশি রোহিঙ্গা নারীদের ওপর ব্যাপক ধর্ষণ ও যৌন সহিংসতা চালানো হয়েছে এবং শত শত গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। রায়ে ২০১৭ সালে মিয়ানমারের ইন দিন গ্রামে ১০ রোহিঙ্গা হত্যাকাণ্ড নিয়ে রয়টার্সের আলোচিত অনুসন্ধানী প্রতিবেদনের বিষয়টিও উল্লেখ করা হয়েছে; যে সংবাদ প্রকাশের জেরে রয়টার্সের দুই সাংবাদিককে ৫০০ দিনের বেশি কারাবন্দি থাকতে হয়েছিল।
রায়ে আদালত মিয়ানমারকে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন, যার পরিমাণ পরবর্তীতে নির্ধারণ করা হবে। একই সঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী এই রায়কে স্বাগত জানিয়েছেন। তবে আদালতের রায় চূড়ান্ত হলেও তা কার্যকর করার নিজস্ব ক্ষমতা সীমিত হওয়ায়, কবে নাগাদ তাঁরা নিজ ভূমিতে ফিরতে পারবেন তা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।


মন্তব্য