নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৮ নভেম্বর) ভোরের দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর প্রতিবাদে বেলা সাড়ে ১১টার দিকে শহরে বিক্ষোভ মিছিল করে যুবদল ও ছাত্রদল। মিছিল শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা সভাপতির বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে।

নাটোর সদর থানা সূত্রে জানা যায়, আজ ভোর পৌনে চারটার দিকে স্থানীয় বাসিন্দারা ভবানীগঞ্জ মোড়ের জুলাই স্মৃতিস্তম্ভে আগুন জ্বলতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্তম্ভটির গোড়ায় আগুন ও চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা সেখানে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা নিরাপত্তার স্বার্থে স্মৃতিস্তম্ভের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এদিকে স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে বেলা সাড়ে ১১টার দিকে ভবানীগঞ্জ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে দেশে অগ্নিসন্ত্রাস চালাচ্ছেন এবং তাঁদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।

অন্যদিকে, গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে নাটোর-বগুড়া মহাসড়কের বারুইহাটি এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নাটোর জেলা সভাপতি রিয়াজুল ইসলামের নেতৃত্বে একটি মশাল মিছিল বের করা হয়। এর জেরে আজ দুপুর পৌনে ১২টার দিকে শহরের হরিশপুর এলাকায় রিয়াজুলের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের কর্মী-সমর্থকেরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

তবে ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ। সাংবাদিকদের তিনি বলেন, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে সাধারণ মানুষ এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে; এর সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই।

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে কারও বাড়িঘর ভাঙচুরের বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য আসেনি।