সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এম.এন্ড এম ট্র্যাভলিং গুডস্ বিডি লিমিটেড নামের একটি ব্যাগ তৈরির কারখানায় কর্মরত প্রায় অর্ধশতাধিক নারী শ্রমিক শনিবার বিকেলে আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। এরা কারখানার ওয়াসরুম ব্যবহার করে বের হওয়ার পর অসুস্থ হন। অনেকের নাক মুখ দিয়ে রক্ত বের হয়। কিন্তু কারখানার ব্যবস্থাপক বলছেন এটা জিনের আসর।
এদিকে একের পর এক শ্রমিক অসুস্থ হওয়ার খবরে কারখানা জুড়ে আতংকের সৃষ্টি হয়। এসময় কারখানার ব্যবস্থাপক আব্দুল আলীম সাময়িকভাবে কারখানা বন্ধ করে দেন। খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত কারখানায় এসে অসুস্থ শ্রমিকদেরকে উল্লাপাড়া ৩০শর্যা হাসপাতাল,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ডাক্তারদের কাছে নিয়ে যান।
অসুস্থ হয়ে পড়া শ্রমিক রুকশানা,বন্যা,হাসিনা ও নাজমা জানান,তারা কারখানায় কাজ করার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে এর ওয়াশ ব্লকে টয়লেটে যাবার পর এক ধরণের তীব্র গ্যাস তাদের নাকে আসে। তারা কোনভাবে কাজ সেড়ে বাইরে বের হয়ে আসার পরই অসুস্থ হয়ে পড়েন। তাদের নাকমুখ দিয়ে রক্ত বের হতে থাকে। এদের মধ্যে অনেকেই অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। কয়েকজন শ্রমিককে কারখানার মধ্যেই মাথায় পানি ঢালা হয়।
স্থানীয় ডাক্তার এটিএম রতন ইসলাম জানান, তার শাহজাহানপুর বাজারের চেম্বারে ৫ জন অসুস্থ শ্রমিক চিকিৎসা নিতে আসেন।এদের সবারই ভাষ্য,কারখানার টয়লেটের গ্যাস থেকে তারা অসুস্থ হয়ে পড়েছেন। এদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন তিনি।
উল্লাপাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শর্যা হাসপাতালের প্রধান ডাক্তার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, তার হাসপাতালে কয়েকজন রোগী চিকিৎসা দিতে এসেছিল। এদের মধ্যে হাসিনা খাতুন(৫৫) নামের একজনকে ভর্তি রাখা হয়েছে। প্রকৃতপক্ষে কি কারণে ওই নারী শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন তা পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। তবে হাসিনা খাতুন সম্পূর্ণ আশংকামুক্ত ।
কারখানার ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন ভিন্ন কথা। তার ভাষ্য কারখানায় জিনের আসর আছে। সেই কারণে কিছু নারী শ্রমিকের উপর তা ভর করে। এজন্য অসুস্থ শ্রমিকরা অস্বাভাবিক কথা বলেন ও আচরণ করেন। তিনি দ্রুত কারখানা বন্ধের ঘোষনা দেন।
এই কারখানার স্বত্তাধিকারী প্রকৌশলী মনোয়ার হোসেন মানিক বলেন,তার ধারণা টয়লেটগুলোর গ্যাস যথাযথ নির্গমন না হওয়ার কারণে অনেক সময় প্যান দিয়েই গ্যাস বের হতে থাকে। এই গ্যাসে নারী শ্রমিকরা অসুস্থ হয়ে পড়তে পারেন। অবিলম্বে কারখানার সকল টয়লেটের গ্যাস যথাযথ নির্গমনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, খবর পেয়ে তিনি তার পুলিশ বাহিনী নিয়ে দ্রুত কারখানায় যান এবং সেখানকার নিরাপত্তা নিশ্চিত করেন। তবে কি কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন তা তিনি বলতে পারেননি। প্রসঙ্গঃ এই কারখানায় শুধু নারী শ্রমিকেরা কাজ করেন।এখানে ৫ শতাধিক শ্রমিক রয়েছে।


মন্তব্য