সুনামগঞ্জের দিরাই-শাল্লা উপজেলায় বিএনপির দুঃসময়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে প্রথম সারিতে থাকা ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জোরালো হয়ে উঠেছে। দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতা এবং মামলা-হামলা উপেক্ষা করে যাঁরা দলকে সুসংগঠিত রেখেছিলেন, বর্তমান অনুকূল সময়ে তাঁদের অনেকেই অবমূল্যায়ন ও বঞ্চনার শিকার হচ্ছেন বলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে।

সম্প্রতি দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন দিরাই-শাল্লা অঞ্চলে বিএনপির কঠিন সময়ের রাজপথের অন্যতম সক্রিয় নেতা আতাউর রহমান বাদশা। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘বিএনপির সেই খারাপ সময়ে উনাদের মতো ত্যাগী কর্মী না থাকলে আজকের এই সুসময় আসত না। আমি মনে করি, এই সমস্ত নেতাকর্মীদের মূল্যায়ন না করলে দল সেই আগের জায়গায় চলে যেতে পারে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা বাধা-বিপত্তি পেরিয়ে আতাউর রহমান বাদশাসহ তৃণমূলের বহু নেতাকর্মী দিরাই-শাল্লায় বিএনপির আন্দোলন বেগবান রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেই ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন না হওয়ায় তৃণমূল পর্যায়ে ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। বাদশার এই ফেসবুক পোস্টের পর বিষয়টি স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যেকোনো রাজনৈতিক দলের মূল শক্তি হলো তৃণমূলের পরীক্ষিত ও ত্যাগী কর্মীবাহিনী। দুঃসময়ে যাঁরা দলের পাশে থেকে ত্যাগ স্বীকার করেছেন, সুসময়ে তাঁদের যথাযথ সম্মান ও সাংগঠনিক মূল্যায়ন নিশ্চিত করা গেলে দল আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে।

দিরাই-শাল্লার তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা, অতীতের আন্দোলন-সংগ্রামে অবদান রাখা সহযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা হবে। অন্যথায় পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করা হলে তা দলের সাংগঠনিক ঐক্য ও ভবিষ্যৎ রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।