সুনামগঞ্জের দিরাই পৌরসভায় অবস্থিত ‘বাংলাদেশ ফিমেইল একাডেমি’ পরিদর্শন করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. জালাল উদ্দিন আহমদ। আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুরে তিনি একাডেমি প্রাঙ্গণে পৌঁছালে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী ও শিক্ষক-শিক্ষিকারা তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান।

পরিদর্শন উপলক্ষে একাডেমির প্রিন্সিপাল নাজমা বেগমের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা জামিল চৌধুরীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিইআরসি চেয়ারম্যান মো. জালাল উদ্দিন আহমদ বলেন, আগামী ১৬ জানুয়ারি (২০২৭) শনিবার বাংলাদেশ ফিমেইল একাডেমির ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মহাসম্মেলনে তিনি স্বশরীরে অংশগ্রহণ করবেন। একই সঙ্গে সম্মেলনটি সফল করতে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার, বিশিষ্ট সমাজসেবক ও প্রতিষ্ঠানের সদস্য আমিনুল ইসলাম আমিন এবং দিরাই থানার উপপরিদর্শক (এসআই) নয়ন পোদ্দার। এ সময় একাডেমির শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিইআরসি চেয়ারম্যান একাডেমির শ্রেণিকক্ষ ও বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। সমাজের পিছিয়ে পড়া ও অবহেলিত মেয়েদের শিক্ষার আলোয় আলোকিত করতে এমন একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান গড়ে তোলায় তিনি প্রতিষ্ঠাতা জামিল চৌধুরীর ভূয়সী প্রশংসা করেন।