নোয়াখালীর বেগমগঞ্জে একটি দেশীয় তৈরি পাইপগান ও ১০টি ব্যবহৃত বুলেটের পিলেটসহ মো. ইব্রাহীম ওরফে জীবন (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিবল্লভপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র ও পিলেটগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জীবন হরিবল্লভপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জ থানার এসআই মো. মাহমুদুল হক, এএসআই ইলিয়াছ উদ্দিন ও সোলায়মান খানের নেতৃত্বে পুলিশের একটি দল হরিবল্লভপুর গ্রামের জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। অভিযানে জীবনের কক্ষে তল্লাশি চালিয়ে বিছানার নিচে লুকানো অবস্থায় একটি দেশীয় তৈরি পাইপগান ও ১০টি ব্যবহৃত বুলেটের পিলেট উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই জীবনকে গ্রেপ্তার করে পুলিশ।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, উদ্ধারকৃত অস্ত্র ও পিলেটের ঘটনায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে শুক্রবার দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে। পাশাপাশি অবৈধ এই অস্ত্রের উৎস কী, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।


মন্তব্য