নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে একটি বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামরুজ্জামান চৌধুরী। একই সঙ্গে তিনি চৌমুহনী বাজারের গোলাবাড়িয়া কাঁচাবাজারে একটি চারতলা ভবন নির্মাণের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

পরিদর্শন কর্মসূচির শুরুতে সিনিয়র সচিব চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের ‘এ’ ক্যাটাগরির দুটি ভবনের নির্মাণকাজ ঘুরে দেখেন। এরপর তিনি চৌমুহনী ভূমি কর্মকর্তার কার্যালয় এবং জরাজীর্ণ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয় পরিদর্শন করেন। এ সময় সকলের সহযোগিতায় বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণের আশ্বাস দেন তিনি।

পরে চৌমুহনী বাজারের গোলাবাড়িয়া কাঁচাবাজার পরিদর্শন করে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন কামরুজ্জামান চৌধুরী। বাজারের দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা সমাধানে সেখানে চারতলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের ঘোষণা দেন তিনি।

পরিদর্শনকালে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান, চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জিরতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম লাভলু, ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ, ব্যবসায়ী সাজ্জাদ হোসেন সুমনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।