পাঁচ বছর আগে সংরক্ষণের অভাবে ৭ বিঘার আলু, ৩ বিঘার সবজি পচে নষ্ট হয়। আর্থিকভাবে ব্যপক ক্ষতিগ্রস্ত হন কৃষক মাহাতাব। সেই লোকসানের জেরে পরের বছর আর আবাদ করতে পারেননি তিনি। চোখের সামনে কষ্টের ফসল পচে নষ্ট হওয়ার সেই ক্ষত এখনো বয়ে বেরাচ্ছেন এই কৃষক।
কৃষক মাহাতাব উদ্দিন নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশা কাজিপুর গ্রামের বাসিন্দা। শুধু কৃষক মাহাতাব উদ্দিন নন। তারমতো বহু কৃষক নিজেদের উৎপাদিত ফসল নিয়ে বিপাকে পড়েন। সংরক্ষণ ব্যবস্থা না থাকায় তুলনা মূলক কম দামে ফসল বিক্রি করতেন প্রান্তিক কৃষকেরা। কেউ কেউ ফসল সংরক্ষণ করতে গেলে কৃষক মাহাতাবের মতো পচে নষ্ট হতো।
নাটোর কৃষি সম্প্রসারণ অফিস বলছে, কৃষকদের উৎপাদিত ফসল নিয়ে দুর্দশার দিন শেষ হচ্ছে। খেতের তাজা ফসল সংরক্ষণের জন্য নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের রামশা কাজিপুর গ্রামে 'ফার্মার্স মিনি কোল্ডস্টোরেজ' নামে একটি সংরক্ষণাগার নির্মাণ করা হয়েছে। ১৭ লাখ ৬২ হাজার টাকা ব্যায়ের ওই সংরক্ষণাগারের উদ্বোধন করা হয় গত রোববার দুপুরে। সেখানে ফসল রেখে উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ নাটোর সদর আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার উপস্থিত ছিলেন।
যেসব ফসল সংরক্ষণ করা হলো
কৃষি অফিসের তথ্যমতে, উদ্বোধনের প্রথম দিনেই সংরক্ষণাগারে রামশা কাজিপুর গ্রামের ৩০ জন প্রান্তিক কৃষক তাদের উৎপাদিত মসলা জাতীয় শস্য ও শীতকালীন সবজি সংরক্ষণ করেছেন। সংরক্ষণ করা এসব ফসলের মধ্যে টমেটো, গাজর, বেগুন, ক্যাপসিকাম, বাঁধাকপি, ফুলকপি, আলু, পেঁয়াজ, আদা ও কাঁচামরিচ রয়েছে।
নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলীর ভাষ্যমতে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় কোল্ডস্টোরেজটি নির্মাণ করা হয়েছে। এই সংরক্ষণাগারে একসঙ্গে প্রায় সাত টন সবজি, মসলা ও বিভিন্ন জাতের মওসুমি ফল সংরক্ষণ করা সম্ভব হবে।
সংরক্ষণ ক্ষমতা
এই আধুনিক মিনি কোল্ড স্টোরেজটিতে আধুনিক কুলিং এবং অটোমেটেড নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে বাইরের তুলনায় ৫ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হবে। এতে করে পচনশীল সবজি ও ফল সাধারণত ১৫ থেকে ২৫ দিন পর্যন্ত সম্পূর্ণ সতেজ রাখা সম্ভব। এতে মওসুম ভিত্তক ফল, সবজি ও মসলা জাতীয় শস্যের ভালো দাম পাবেন কৃষক। তাছাড়া বিভিন্ন ফসলের মানসম্মত বীজ সংরক্ষণের জন্যও এই সংরক্ষণাগারটি ব্যবহার করা হবে।
কন্টেইনার-ভিত্তিক এই মিনি কোল্ড স্টোরেজের ভেতরে ছিদ্রযুক্ত প্লাস্টিকের ক্রেটে সাজিয়ে ইতিমধ্যে পটল, করলা, ধনেপাতা ও অন্যান্য তাজা সবজি সংরক্ষণ করা হয়েছে। হিমাগারটির বাইরের অংশে যুক্ত রয়েছে সোলার প্যানেল এবং কুলিং ইউনিট।

এই সংরক্ষণাগারের সংরক্ষণ তালিকা অনুযায়ী, ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টমেটো রাখা যাবে ২০ থেকে ৩০ দিন। ৭ থেকে ১০ ডিগ্রিতে ক্যাপসিকাম ও ৭ থেকে ৮ ডিগ্রিতে কাঁচামরিচ সংরক্ষণ করা যাবে ২০ থেকে ৩০ দিন। এছাড়া ৪ থেকে ৬ ডিগ্রিতে ফুলকপি ১৫ থেকে ২০ রাখা সম্ভব হবে। এছাড়া আলু, পেঁপে, হলুদসহ অন্তত ৩০ প্রকারের সবজি ও মসলা জাতীয় শস্য সংরক্ষণ করা যাবে।
কম দামে কষ্টের ফসল বিক্রি করতে হবে না
সংরক্ষণাগারে ফসল রাখা কৃষক মাহাতাব উদ্দিন, আবেদ আলী, আফসার হোসেন, মনিরুদ্দিনসহ অন্তত ১৫ জন কৃষক উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বিভিন্ন প্রকার ডাল, রসুন, পেঁয়াজসহ মসলা জাতীয় নানা ধরনের শষ্য উৎপাদন হয় নলডাঙ্গা উপজেলার বিলগুলোতে। শীতের সময় শীতকালীন সবজিও চাষ হয় ব্যপক আকারে। কিন্তু এসব ফসল সংরক্ষণের কোনো ব্যবস্থা ছিলনা। স্থানীয় পন্থায় সংরক্ষণ করতে গিয়ে ফসলে পচন ধরে। এতে ক্ষতিগ্রস্ত হন চাষীরা। ফলে তরিঘরি করে কম মূল্যে কৃষক নিজেদের ফসল বিক্রি করে দেন।
তারা বলেন, প্রত্যন্ত গ্রামে সংরক্ষণাগার নির্মাণ করা হয়েছে। সেখানে ফসল মজুদ করতে শুরু করেছেন তারা। এখন থেকে আর কম মূল্যে কৃষকদের ফসল বিক্রি করতে হবে না। স্টোরেজে ফসল সংরক্ষণ করে উচ্চ মূল্যে বিক্রি করতে পারবেন ভেবে তারা আনন্দিত।
কৃষি কর্মকর্তা সবুজ আলী বলেন, কৃষকেরা যাতে নিজেদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান, সে লক্ষ্যেই সংরক্ষণাগারটি নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যে কৃষেরা নিজেদের কষ্টে উৎপাদিত ফসল মজুদ করতে শুরু করেছেন।
স্থানীয় সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, কৃষকদের আর্থিক বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে নাটোরে একাধিক সংরক্ষণাগার নির্মাণের উদ্যোগ নেবেন তিনি।


মন্তব্য