নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শহরের ভবানীগঞ্জ মোড়ে আগুন দেওয়ার ওই ঘটনাটি ঘটেছে আজ শনিবার ভোর ৪টার দিকে। আগুনে স্মৃতিস্তম্ভটির একাংশ পুড়ে গেছে। নাটোর-বগুড়া মহাড়কের বারুহাট এলাকায় শুক্রবার মধ্যরাতে পৃথক একটু মশাল মিছিল করেছেন যুবলীগের নেতা কর্মীরা।
তবে আগুন দেওয়া ও মশাল মিছিলের দুটি ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশের দাবি, ভোরে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন জ্বলতে দেখেন পুলিশ সদস্যরা। এ সময় টহল পুলিশের সহায়তায় স্মৃতিস্তম্ভে দেওয়া আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আক্তার হামিদ খান বলেন, ভোরেই জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার খবর পান তারা। তবে পুলিশ নিজেই আগুন নিভিয়ে ফেলায় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাননি।
স্থানীয় লোকজনের দাবি, নাটোর-বগুড়া মহাসড়কের নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভটি দাঁড়িয়ে আছে। আজ সকালে স্মৃতিস্তম্ভটির একাংশে কালি লেপ্টে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
ভবানীগঞ্জ মোড়ের চা বিক্রেতা খোকন আহমেদ বলেন, খুব সকালে চায়ের দোকান খোলেন তিনি। আজ সকালে এসেই জুলাই স্মৃতিস্তম্ভের নিচে কয়লা পড়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় এগিয়ে গিয়ে দেখেন-স্মৃতিস্তম্ভটির একাংশ পুড়ে কালো হয়ে গেছে। তিনি বুঝতে পারেন দুর্বৃত্তরা এখানে আগুন দিয়েছে। পরে তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি জানান।
স্থানীয় ডিম ব্যবসায়ী আব্দুর রশিদ বলেন, সকালে ডিম বিক্রি করতে এসে তিনিও একই ঘটনা দেখেন। তবে কারা স্মৃতিস্তম্ভটিতে আগুন দিয়েছে তা তিনি জানেন না।
জুলাই স্মৃতিস্তম্ভের আগুনের ঘটনার উদ্বেগ প্রকাশ করেছেন নাটোর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুস সামাদ শিশির। তিনি বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনাটি তাদেরকে ব্যথিত করেছে। জুলাইয়ের স্মৃতি ধারণ করে স্তম্ভটি দাঁড়িয়েছিল। অথচ জুলাইকে মুছে ফেলতে আগুন দেওয়া হয়েছে। যারা আগুন দেওয়ার মত গর্হিত কাজ করেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান তার।
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান। তিনি বলেন,জুলাই স্মৃতিস্তম্ভে দ্রুত আগুন লাগিয়ে পালিয়ে গেছেন দুর্বৃত্তরা। এ কারণে তাৎক্ষণিক কাউকে গ্রেফতার করা যায়নি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
এদিকে নাটোর-বগুড়া মহাসড়কের বারুহাট এলাকায় মশাল মিছল করেছেন যুবলীগের নেতাকর্মীরা। যুবলীগ নেতা রিয়াজুল ইসলাম মাসুমের নেতৃত্বে শুক্রবার দিবাগত রাতে ওই মিছিলটি বের করা হয়।
এর আগে এর আগে রোববার (১৫ নভেম্বর) রাত পৌনে ১১ টার দিকে নাটোর শহরতলীর দত্তপাড়া বাজারে জয় বাংলা স্লোগান দিয়ে মুহুর্মুহ ফাঁকা গুলি ছোঁড়ে এবং ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এছাড়া রেললাইন, বিএনপি কার্যালয়সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও আগুন দেয়ার ঘটনা অব্যাহত রয়েছে।


মন্তব্য