নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ, অভিযুক্তদের দ্রুত বিচার, ভুক্তভোগীদের নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর উদ্যোগে বুধবার (২৫ নভেম্বর) এ কর্মসূচি পালিত হয়।

আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষে বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন আয়োজন করা হয়। এতে গণমাধ্যমকর্মী, আইনজীবী, রাজনৈতিক নেতা, শিক্ষার্থী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানিয়ে অংশ নেন।

অধিকার নোয়াখালী শাখার ডিফেন্ডার ও সাংবাদিক আজাদ ভূঁইয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট আব্দুর রহিম, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমির হোসেন বুলবুল, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি অধ্যাপক লিয়াকত আলী খান, সাংবাদিক সাইফুল্লাহ কামরুল, আব্দুর রহিম বাবুল, মাহবুবুর রহমান, তাজুল ইসলাম মানিক, মোজাম্মেল হোসেন ও এস এম রিজোয়ান। আরও বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্যসচিব আব্দুজ জাহের হারুন, অ্যাডভোকেট মো. সিরাজ, অ্যাডভোকেট রোজিনা আক্তার, সাংবাদিক সিরাজ উদ্দিন শাহিন, ফজলুল কাদের রাজু, আজিজ আহমেদ, শহর যুবদলের সদস্যসচিব মোস্তাক আহমেদ স্বপন, ভোক্তা অধিকার নোয়াখালী শাখার সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন, যুবশক্তির জেলা সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত এবং অধিকারের ডিফেন্ডার মনিরুজ্জামান মনির প্রমুখ।

মানববন্ধন শেষে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘আমার দেশ’-এর নোয়াখালী জেলা প্রতিনিধি ও অধিকারের ডিফেন্ডার আজাদ ভূঁইয়া। এ সময় সংহতি প্রকাশ করেন নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সাবেক সভাপতি অ্যাডভোকেট বিইউএম কামরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুর রহমান, অ্যাডভোকেট আবদুল মান্নান ভূঁইয়া, অ্যাডভোকেট হুমায়ুন কবির, অ্যাডভোকেট মো. জাফর উল্লাহ, অ্যাডভোকেট মোরশেদ আলম নিপু, অ্যাডভোকেট হারুনুর রশিদ ভূঁইয়া এবং সাংবাদিক আলাউদ্দিন শিবলু, জুয়েল রানা লিটন, গোলাম কিবরিয়া রাহাত, নাসিম শুভ, দিদারুল আলম ও আবু রায়হান সরকার।

বক্তারা বলেন, দেশে নারী ও শিশুর বিরুদ্ধে ধর্ষণ, যৌতুক নির্যাতন, পারিবারিক সহিংসতা ও যৌন হয়রানির মতো ঘটনা উদ্বেগজনক হারে চলমান রয়েছে। এই বাস্তবতায় কেবল আইন থাকা যথেষ্ট নয়; আইনের কঠোর প্রয়োগ, দ্রুত বিচার এবং ভুক্তভোগীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

আলোচনায় মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, ২০০১ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর মাস পর্যন্ত দেশে ২১ হাজার ৬২৭ জন নারী ও শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছেন। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে পারিবারিক সহিংসতা, যৌতুক ও ডিজিটাল হয়রানি রোধে কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন বক্তারা।

বক্তাদের মতে, নারী ও শিশুর জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে আইনের শাসনের পাশাপাশি সহিংসতার বিরুদ্ধে শক্ত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অপরিহার্য।