বুধবার রাত ৮টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে উল্লাপাড়া পৌরসভার নবগ্রাম গ্রামের পাশে সিএনজির সঙ্গে অজ্ঞাত একটি গাড়ির সংঘর্ষে চালকসহ দুইজন ঘটনাস্থলে মারা গেছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন সিএনজির চালক আবু মুন্না (৩৫)। তিনি উল্লাপাড়া পৌরসভার ঘোষগাতী মহল্লার আবু তালেবের ছেলে। অপর নিহত ব্যক্তি হলেন ওই সিএনজির যাত্রী। তার পরিচয় জানা যায়নি।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোঃ আসাদুজ্জামান জানান, ঘটনার সময় উক্ত সিএনজিটি একজন যাত্রী নিয়ে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন থেকে বাজারের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে অজ্ঞাত বাস বা ট্রাক সিএনজিটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে চালক ও যাত্রী নিহত হন। এই প্রতিবেদন লেখার সময় (রাত ৯টা ) পর্যন্ত সিএনজির নিহত হওয়া যাত্রীর পরিচয় জানা যায়নি। লাশ দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লাপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান জানান, পুলিশ দুর্ঘটনাকবলিত সিএনজি'র নিহত যাত্রীর পরিচয় এবং ঘাতক গাড়িটিকে খুঁজে বের করার প্রচেষ্টা শুরু করেছে।


মন্তব্য