গুরুদাসপুরে ছাত্রদলের সদস্য সচিব শাকিল হত্যায় জরিত সন্দেহে আবদুর রহমান জনি (২৯) নামের আরো এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাত ১০ টার দিকে পৌর শহরের চাঁচকৈড় বাজার থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি হেফাজতে নেওয়া হয়।
আজ বুধবার সকালে গুরুদাসপুর আমলী আদালতে হাজির করে আসামির ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানির জন্য আদালত আগামী রোববার দিন ধার্য করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতারকৃত আব্দুর রহমান জনি চাঁচকৈড় বাজারপাড়া মহল্লার বাবলু রহমানের ছেলে। তিনি আমেরিকা প্রবাসী রাসেলের 'এন যে টপ ম্যান' নামের শপিং মলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গোয়েন্দা পুলিশ জানিয়েছে, এর আগে এই হত্যাকণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তারের পর দুই দফায় ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত পালসার ১৫০ সিসি মডেলের নীল রঙের মোটরসাইকেলটি উপজেলার নয়াবাজার এলাকা থেকে ইরফান নেওয়াজ নামের এক ব্যক্তির শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয়। এমপির ছেলের প্রথম দফায় রিমান্ড চলাকালীন তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আলামিন হোসেন (২৬) ও আনিসুর রহমানকে (২৫) আটকের পর গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এনিয়ে এই মামলায় চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে উল্লাপাড়ায় রেললাইন অবরোধ, সাড়ে ৩ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
এদিকে হত্যায় জড়িত থাকতে পারে এমন ৭জন সন্দেহভাজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। সম্প্রতি দেশের স্থল ও বিমানবন্দর কর্তৃপক্ষকে ওই চিঠি দিয়েছে মামলাটির তদন্তকারী সংস্থা নাটোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিশেষ একটা সূত্র জানিয়েছে, কারাগারে থাকাকালীন সময়ে 'কারা আইন' ভঙ্গ করে মোবাইল ফোনে কথা বলা, বাহিরে থেকে পাঠানো খাবার গ্রহণ, অনুসারীদের দিকনির্দেশনা দেওয়ার মতো নানা সুবিধা পাচ্ছেন এমপির ছেলে মিন্টু। তবে এসব বিষয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে ' মিন্টু হাসান গুরুদাসপুর' নামের তার ফেসবুক আইডি এখনো সক্রিয় রয়েছে। বর্তমানে মিন্টুর ওই আইডি তার স্ত্রী চালাচ্ছেন বলে জানিয়েছে ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ছাত্রদল নেতা শাকিল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরো এক আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকান্ড নিয়ে অধীকতর জিজ্ঞাসাবাদের জন্য আসামি জনির ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তবে ছাত্রদল নেতা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানাগেছে, ১৪ অক্টোবর রাত ৯টার দিকে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হেলমেট পরা সশস্ত্র দুর্বৃত্তদের হামলার শিকার হন পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম (৩২)। ওই ঘটনায় ১৯ অক্টোবর থানায় মামলা দায়ের করেন শাকিলের বাবা রবিউল ইসলাম।
হাসপাতালে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর ২৬ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান। মঙ্গলবার শাকিলের জানাজা শেষে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহ আমেরিকা প্রবাসী রাসেলের শপিংমলে ভাংচুর ও লুটপাট করা হয়।
এসব ঘটনায় জনরোষে পড়েন এমপি আব্দুল আজিজ। এরপর এমপি আব্দুল আজিজের অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এই ভিডিওতে তাকে অশ্লীল অঙ্গভঙ্গি করতে দেখা গেছে। ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করে। এতে এমপি আজিজ সামাজিক এবং রাজনৈতিকভাবে কোনঠাসা হয়ে পড়েন।


মন্তব্য