বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এবং এনটিআরসিএ-সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। তবে দাবি আদায়ের নামে শ্রেণিকক্ষের পাঠদান ব্যাহত করে শিক্ষকদের রাজপথে আন্দোলনে না নামার আহ্বান জানিয়েছেন তাঁরা।
আজ শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ বক্তব্যে মন্ত্রণালয়ের এই শীর্ষ দুই নীতিনির্ধারক সরকারের অবস্থান তুলে ধরেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধান অতিথিত্বের এই অনুষ্ঠানে দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ অংশ নেন।
অনুষ্ঠানে শিক্ষকদের বদলি ও এনটিআরসিএর প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘বদলির কথা, এনটিআরসিএর শিক্ষকদের কথা তো তাদের কেতাবে লেখা ছিল না। আমরাই এটা অ্যাড্রেস করছি। আমরা করব—এটা আমরা করার জন্যই কাজ করছি।’
এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রেক্ষাপট তুলে ধরে তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে এই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল, যা পরবর্তীতে অনেকটা নষ্ট করে ফেলা হয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত নয় মাস ধরে এটিকে আবারও সুশৃঙ্খল ও গতিশীল করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এমপিওভুক্ত শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ‘আমার ওপর অর্পিত প্রতিটি দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব। কিন্তু আপনারা এমপিওভুক্ত শিক্ষক, ক্লাস বাদ দিয়ে আন্দোলনে রাজপথে আসবেন না।’
অন্যদিকে, একই অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক বদলি নীতিমালা প্রণয়নের অগ্রগতি তুলে ধরে শিক্ষকদের চলমান আন্দোলন নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘বদলি নীতিমালা করতে যাচ্ছি আমরা। তারপরও আপনারা রাস্তায় নেমেছেন? আমরা আপ্রাণ চেষ্টা করি সততা দিয়ে, দক্ষতা দিয়ে। ইতোমধ্যে আমরা ৯ মাস কাজ করেছি, আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই।’
সিনিয়র সচিব আরও উল্লেখ করেন, গত ৯ মাসে বর্তমান সরকার বেসরকারি শিক্ষকদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করার মতো কঠিন কাজ সম্পন্ন করেছে এবং দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই পেনশন বাবদ সাড়ে চার হাজার কোটি টাকা প্রদান করেছে। বদলি নীতিমালা ও পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় শিক্ষকদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।


মন্তব্য