এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের উদ্যোগ এবং নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করার পরও শিক্ষকদের রাজপথে আন্দোলনে নামা নিয়ে প্রশ্ন তুলেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। তিনি বলেছেন, সরকারের আন্তরিকতার কোনো অভাব না থাকলেও সময় না দিয়েই জাতীয়করণের দাবিতে রাস্তায় নামা হচ্ছে।

আজ শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এর অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষকদের চলমান আন্দোলন প্রসঙ্গে সিনিয়র সচিব আবদুল খালেক বলেন, ‘বদলি নীতিমালা করতে যাচ্ছি আমরা। তারপরও আপনারা রাস্তায় নেমেছেন? আমরা আপ্রাণ চেষ্টা করি সততা দিয়ে, দক্ষতা দিয়ে। ইতোমধ্যে আমরা ৯ মাস কাজ করেছি, আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই।’

বর্তমান সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘গত ৯ মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা বেসরকারি শিক্ষকদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করেছি। এটি খুব কঠিন কাজ ছিল। এই পে-স্কেল দেওয়া এখনো শেষ হয়নি, এর মধ্যেই আপনারা জাতীয়করণের দাবিতে রাস্তায় নেমে পড়েছেন।’

জাতীয়করণের দাবির বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে আবদুল খালেক জানান, প্রয়োজন হলে সরকার নিজেই জাতীয়করণের সিদ্ধান্ত নেবে। তবে এ জন্য সরকারের অর্থসংস্থান ও নীতিনির্ধারণী প্রস্তুতির প্রয়োজন রয়েছে। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সময় দেবেন না, রাস্তায় আন্দোলন করবেন—এটা কেমন কথা?’

শিক্ষা খাতে সরকারের দেওয়া সুযোগ-সুবিধার চিত্র তুলে ধরে শিক্ষা সচিব জানান, মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হচ্ছে। কম্পিউটার, ল্যাব এবং নতুন বই সরবরাহের পাশাপাশি বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই বেসরকারি শিক্ষকদের পেনশন বাবদ সাড়ে চার হাজার কোটি টাকা প্রদান করেছে।

বক্তব্যের শেষে শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের দলীয় রাজনীতিতে অংশগ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব।