প্রাথমিক ও গণশিক্ষা খাতের বদলি সংক্রান্ত কমিটির বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম কিংবা কোনো ধরনের অর্থনৈতিক লেনদেন বা সম্পর্কের অভিযোগ উঠলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় সংসদে এ অবস্থান স্পষ্ট করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
গত বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনের বৈঠকে এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা জানান।
সংসদে দেওয়া লিখিত বক্তব্যে ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, বদলি কার্যক্রমকে স্বচ্ছ ও জবাবদিহিতার আওতায় রাখতে সংশ্লিষ্টদের প্রতি সতর্ক নজর রাখা হচ্ছে। বদলি কমিটির কোনো সদস্য বা সংশ্লিষ্ট কারও বিরুদ্ধে অনিয়ম বা আর্থিক সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেলে তা যাচাই-বাছাই করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রাথমিক স্তরের শিক্ষক বদলি ব্যবস্থায় শৃঙ্খলা ও গতিশীলতা আনতে বদলি প্রক্রিয়াকে স্থানীয় ও বিভাগীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণ এবং কেবল আন্তঃবিভাগীয় বদলি কেন্দ্রীয়ভাবে পরিচালনা করার উদ্যোগের প্রেক্ষাপটে মন্ত্রীর এই বক্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


মন্তব্য