নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে প্রয়োজনীয় অর্থের সংশোধিত হিসাব চূড়ান্ত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন এই হিসাবে ১২ মাসের বেতন-ভাতা ও বকেয়া বাবদ মোট ৬ হাজার ৮৯৫ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার ৯৬৪ টাকা অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছে।
মাউশি ও শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংশোধিত এই হিসাবে সাত মাসের বকেয়া এবং পাঁচ মাসের নিয়মিত বেতন-ভাতা অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে স্কুল পর্যায়ের শিক্ষক-কর্মচারীদের জন্য ৫ হাজার ৯৪ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৩৬৯ টাকা এবং কলেজ পর্যায়ের জন্য ১ হাজার ৮০১ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫৯৫ টাকা প্রয়োজন হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে মাউশি ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দ চেয়ে হিসাব পাঠালেও তাতে অসংগতি ধরা পড়ে। পরে অর্থ বিভাগের নির্দেশনায় তা সংশোধন করে নতুন হিসাব বিবরণী তৈরি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়। হিসাব সমন্বয়ের পর এখন অর্থ বিভাগে নতুন বরাদ্দের প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া চলছে।
এদিকে, নতুন পে-স্কেল নিয়ে অর্থ বিভাগ থেকে এখনো পৃথক গেজেট জারি না হওয়ায় চলতি নভেম্বর মাসের বেতন বিল পুরোনো স্কেলেই (২০১৫ সালের স্কেল) জমা দিতে হচ্ছে। অনলাইনে বিল সাবমিটে কারিগরি জটিলতা দেখা দিলে বিকল্প ব্রাউজার ব্যবহারের নির্দেশনাও দিয়েছে মাউশি।
শিক্ষা সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রুত পৃথক গেজেট জারি ও বরাদ্দ অনুমোদন সাপেক্ষে আগামী ডিসেম্বর মাস থেকেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নবম পে-স্কেল অনুযায়ী বর্ধিত বেতন-ভাতা ও বকেয়ার সুবিধা পাবেন।


মন্তব্য