বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে বড় অগ্রগতি হয়েছে। নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বর্ধিত বেতন-ভাতা প্রদানের জন্য ১২ মাসের সংশোধিত ও চূড়ান্ত হিসাব তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে আগের চাহিদার তুলনায় দ্বিগুণেরও বেশি অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে সাত মাসের বকেয়াও অন্তর্ভুক্ত রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় ও মাউশি সূত্রে জানা গেছে, সংশোধিত হিসাব অনুযায়ী বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মোট ৬ হাজার ৮৯৫ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার ৯৬৪ টাকা প্রয়োজন হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এর আগে নতুন পে-স্কেলে বেতন-ভাতা দেওয়ার জন্য ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছিল। তবে পরবর্তীতে হিসাব যাচাই-বাছাই করতে গিয়ে আগের প্রাক্কলনে কিছু অসংগতি ধরা পড়ে। সে কারণেই প্রকৃত চাহিদা নিরূপণ করে নতুন করে পূর্ণাঙ্গ হিসাব তৈরি করা হয়েছে।

মাউশির তৈরি নতুন হিসাব বিবরণী অনুযায়ী, প্রস্তাবিত এই অর্থের মধ্যে সাত মাসের বকেয়া এবং পাঁচ মাসের নিয়মিত বেতন-ভাতা ধরা হয়েছে। খাতওয়ারি বিশ্লেষণে দেখা যায়, বেসরকারি স্কুল পর্যায়ের শিক্ষক-কর্মচারীদের জন্য প্রায় ৫ হাজার ৯৪ কোটি টাকা এবং কলেজ পর্যায়ের জন্য প্রায় ১ হাজার ৮০১ কোটি টাকা বরাদ্দের প্রয়োজন পড়বে।

জানা গেছে, মাউশির পাঠানো সংশোধিত এই প্রস্তাব ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছেছে। মন্ত্রণালয় এখন অতিরিক্ত এই অর্থ ছাড়ের অনুমোদন চেয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে চিঠি পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। অর্থ বিভাগ থেকে চূড়ান্ত অনুমোদন ও পৃথক আদেশ বা গেজেট জারি হলেই শিক্ষক-কর্মচারীরা বকেয়াসহ নতুন স্কেলে বেতন-ভাতা পেতে শুরু করবেন।

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৭ মাসের বকেয়াসহ ১২ মাসের বেতন-ভাতার চূড়ান্ত হিসাব তৈরি করেছে মাউশি।
— -মাউশি

এদিকে শুধু স্কুল-কলেজই নয়, এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জন্যও নতুন পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বর্ধিত বেতন-ভাতা প্রদানের লক্ষ্যে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

সংশ্লিষ্ট মহলের মতে, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলে দেশের লাখো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী বকেয়া অর্থসহ বর্ধিত বেতনের সুবিধা পাবেন, যা তাদের দীর্ঘদিনের আর্থিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।