বিসিবি কার্যালয়ে বোর্ড পরিচালকদের সভা শেষে সংবাদ সম্মেলনে এসে চমক জাগানিয়া খবর দিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি জানালেন, আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন মুশফিকুর রহিম।
শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে বিকেল সাড়ে পাঁচটায় উপস্থিত হয়ে শুরুতেই তামিম জানান, বোর্ড সভার সিদ্ধান্ত নিয়ে বলার মতো তেমন কিছু নেই। এরপরই তিনি মুশফিকের অবসরের ঘোষণা দেন।
২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। ২১ বছর পর সেই ইংল্যান্ডের বিপক্ষেই মিরপুরে শেষ হবে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার। দীর্ঘ এই পথচলায় ১০৮ টেস্ট খেলে ৩টি ডাবল সেঞ্চুরি ও ১৪টি সেঞ্চুরিতে ৩৮.৮০ গড়ে ৭০৬২ রান করেছেন তিনি।
আগামী ফেব্রুয়ারিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। ১৪ ফেব্রুয়ারি মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ওয়ানডে ও টি-টুয়েন্টি থেকে আগেই অবসর নেওয়া মুশফিক এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানবেন।
সীমিত ওভারের দুই সংস্করণ থেকে অবসরের ঘোষণা মুশফিক দিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে। তবে এবার টেস্ট ছাড়ার সিদ্ধান্ত কিছুদিন আগে তামিমকে জানালেও নিজে থেকে ঘোষণা দিতে চাননি। বরং অনুরোধ করেছিলেন, বিসিবি সভাপতি যেন তাঁর বিদায়ের খবরটি জানান।
মুশফিকের সেই অনুরোধের কথাই তুলে ধরে তামিম বলেন, ‘মুশফিক বেশ কয়েক দিন আগেই আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল। এরপর থেকে তার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ ছিল। আমি তাকে বলেছিলাম, একটি সংবাদ সম্মেলন করে নিজের সিদ্ধান্তের কথা নিজেই ঘোষণা করতে। তাকে ফেসবুকে স্ট্যাটাস না দেওয়ার অনুরোধও করেছিলাম।’

মুশফিকুর রহমান। ছবি সংগৃহিত
নিজের এমন চাওয়ার কারণ ব্যাখ্যা করে বিসিবি সভাপতি আরও বলেন, ‘কারণ, বাংলাদেশের ক্রিকেটে তার অনেক অবদান আছে। আমি চেয়েছিলাম, তার মতো একজন ক্রিকেটারের বিদায়ের ঘোষণাটা যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে হোক। তবে মুশফিকের অনুরোধেই শেষ পর্যন্ত আমাকে তার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করতে হচ্ছে।’
বাংলাদেশের তিন সংস্করণেই নেতৃত্ব দেওয়া মুশফিক গত বছর দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেন। তবে ক্যারিয়ারের শেষ দিকে এসে তাঁর সময়টা ভালো যাচ্ছিল না। গত মে মাসে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির পরের ১১ ইনিংসে মাত্র একটি ফিফটি পেয়েছেন তিনি। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর তাঁকে ঘিরে সমালোচনাও বেড়ে যায়। এর মাঝেই টেস্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন এই অভিজ্ঞ ব্যাটার।
তবে সাম্প্রতিক পারফরম্যান্স দিয়ে মুশফিকের বিদায়কে দেখতে নারাজ তামিম। তাঁর দীর্ঘ ক্যারিয়ারের অর্জন ও অবদানকে সামনে এনে সম্মান জানাতে চায় বিসিবি। তামিমের ভাষায়, ‘বিসিবির পক্ষ থেকে আমরা তাঁকে শুধু ধন্যবাদই জানাতে পারি। বাংলাদেশের ক্রিকেটে তিনি যে অবদান রেখেছেন, সেটির স্বীকৃতি দিতে চাই। তিনি শুধু একজন অসাধারণ ক্রিকেটারই নন, অনেক অনেক ক্রিকেটারের, এমনকি অসংখ্য বাচ্চাদের আদর্শ ও অনুপ্রেরণা। বাংলাদেশের ক্রিকেটের একজন অসাধারণ দূত তিনি।’
২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। ২১ বছর পর সেই ইংল্যান্ডের বিপক্ষেই মিরপুরে শেষ হবে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার। দীর্ঘ এই পথচলায় ১০৮ টেস্ট খেলে ৩টি ডাবল সেঞ্চুরি ও ১৪টি সেঞ্চুরিতে ৩৮.৮০ গড়ে ৭০৬২ রান করেছেন তিনি।
দীর্ঘ ক্যারিয়ারে নানা হতাশা, সমালোচনা বা বিতর্ক থাকলেও সেসবের চেয়ে অর্জনগুলোকে বড় করে দেখার আহ্বান জানিয়েছেন তামিম। ক্রিকেটপ্রেমীদের প্রতি তাঁর অনুরোধ, ‘আমি নিশ্চিত, তাঁর দীর্ঘ ক্যারিয়ারে কিছু হতাশা আছে, সমালোচনা আছে, নানা ঘটনা আছে। কিন্তু বাংলাদেশের ক্রিকেটে তাঁর অসামান্য অবদানের কথা বিবেচনা করে আসুন, আমরা সবাই মিলে তাঁর অর্জনগুলো উদ্যাপন করি।’
প্রায় চার মিনিটের ওই সংবাদ সম্মেলনে আর কোনো বিষয়ে কথা বলেননি বিসিবি সভাপতি। বিদায়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আজ অন্য কোনো বিষয় নিয়ে আমার কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি না। কারণ, এটিই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এবং আমাদের সবারই এর গুরুত্ব অনুধাবন করা উচিত ও বিষয়টিকে যথাযথ সম্মান জানানো উচিত।’


মন্তব্য