সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে পেসারদের দাপট আর বৃষ্টির পূর্বাভাস মিলিয়ে কঠিন এক পরীক্ষার শঙ্কা আগে থেকেই ছিল। তবে সেই পরীক্ষায় বাংলাদেশ দল যে এভাবে ভেঙে পড়বে, তা হয়তো অনেকেই ভাবেননি। টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ৩৩.৩ ওভারে ৯১ রানেই অলআউট হয়ে গেছে টাইগাররা।
সুপার স্পোর্ট পার্কের উইকেট বরাবরই পেস বোলারদের জন্য স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। তার ওপর সকাল থেকেই আকাশ মেঘলা ও বৃষ্টি থাকায় কন্ডিশন হয়ে উঠেছিল ব্যাটারদের জন্য আরও চ্যালেঞ্জিং। এমন প্রতিকূল পরিবেশে টস হারার পর ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কোনো বড় জুটি গড়তে পারেননি ব্যাটাররা।
দলের চরম এই ব্যাটিং বিপর্যয়ের দিনে একমাত্র ব্যতিক্রম ছিলেন মাহফিজুল। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে তিনি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন এবং দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রানের ইনিংস খেলেন। বাকি ব্যাটাররা উইকেটে থিতু হতে না পারায় দলীয় সংগ্রহ একশর কোটাও স্পর্শ করতে পারেনি।


মন্তব্য