৮৩ টেস্টে পাঁচ হাজারের বেশি রান করা মুশফিকুর রহিমের পর বাংলাদেশ টেস্ট দলের সবচেয়ে অভিজ্ঞ মুখ মুমিনুল হক। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁর ব্যাট সেভাবে কথা বলছে না। শেষ ১০ ইনিংসে ফিফটি নেই, দক্ষিণ আফ্রিকার কন্ডিশনেও ব্যাটিং গড় মাত্র ১০-এর আশপাশে। এমন অবস্থায় দ্বিতীয় টেস্টে তাঁর জায়গায় নতুন কাউকে সুযোগ দেওয়ার প্রসঙ্গটি সামনে এসেছে প্রধান কোচ ফিল সিমন্সের সংবাদ সম্মেলনে।
আগামীকাল শুরু হতে যাওয়া বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্টের আগে আজকের সংবাদ সম্মেলনে মুমিনুলের সাম্প্রতিক পারফরম্যান্স ও একাদশে থাকা নিয়ে প্রশ্ন তোলা হয়। তবে অভিজ্ঞ এই টপ-অর্ডার ব্যাটারকে এখনই বাদ দেওয়ার পক্ষে নন সিমন্স।
মুমিনুলের প্রসঙ্গে কোচ বলেন, "আমরা অনেক সময় বলি, অভিজ্ঞ খেলোয়াড়েরা—বিশেষ করে যাঁরা ১৩টি টেস্ট সেঞ্চুরি করেছেন—তাঁরা নিশ্চয়ই জানেন কী করতে হবে। হ্যাঁ, সে কিছুদিন ধরে সংগ্রাম করছে। তবে সে কঠোর পরিশ্রম করছে, নিজের ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করছে।"
পরিসংখ্যান অবশ্য মুমিনুলের খুব একটা অনুকূলে নেই। সর্বশেষ অর্ধশতক করেছিলেন গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে, সেবার তাঁর সংগ্রহ ছিল ৬০ রান। এরপর আর কোনো ইনিংসে পঞ্চাশ ছুঁতে পারেননি তিনি। আর সর্বশেষ সেঞ্চুরিটি এসেছে ২০২৪ সালের সেপ্টেম্বরে, ভারতের বিপক্ষে কানপুর টেস্টে অপরাজিত ১০৭ রানের ইনিংস।
চলমান দক্ষিণ আফ্রিকা সফরে জোহানেসবার্গে প্রথম টেস্টেও হতাশ করেছেন মুমিনুল; দুই ইনিংসে করেছেন যথাক্রমে ১ ও ০ রান। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে ১০ ইনিংসে তাঁর গড় দাঁড়িয়েছে প্রায় ১০-এ। স্বাভাবিকভাবেই একাদশে তাঁর বিকল্প নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
তবুও কঠিন সময়ে অভিজ্ঞ ক্রিকেটারকে আগলে রাখার পক্ষে মত দিয়েছেন ফিল সিমন্স। তিনি বলেন, "কখনো কখনো খেলোয়াড়দের আরও কিছুটা সময় সমর্থন দিতে হয়। এ ক্ষেত্রে আমরা তাকে সমর্থন দিয়েছি।"
যদিও কোচের এই আস্থার সুরের মধ্যেই স্পষ্ট হয়েছে যে, সেঞ্চুরিয়নের দ্বিতীয় টেস্টে মুমিনুলকে একাদশে রাখা না-রাখার চূড়ান্ত সিদ্ধান্ত সংবাদ সম্মেলনের আগ পর্যন্ত নেওয়া হয়নি।


মন্তব্য