সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়; তবে দেশের অভ্যন্তরে বা সীমান্তের এপারে কাউকে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ভিনদেশি কারও অপ্রাসঙ্গিক, অপাঙ্‌ক্তেয় ও অরাজনৈতিক বক্তব্যের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও মন্তব্য করেন তিনি।

আজ শনিবার রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে প্রায় দুই সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, বাসে আগুন এবং বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। পুলিশের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসব সহিংসতায় জড়িত। মাঝে চোরাগোপ্তা ককটেল নিক্ষেপ ও গাড়িতে আগুনের ঘটনা কিছুটা কমলেও তা আবার মাথাচাড়া দিয়েছে; শুক্রবার রাতেও রাজধানীর কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অস্থিরতা সৃষ্টির আশঙ্কা সব সময়ই থাকে এবং তা মাথায় রেখেই বাহিনীগুলো প্রস্তুত রাখা হয়। জননিরাপত্তা নিশ্চিত করাই আইনশৃঙ্খলা বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মূল দায়িত্ব।

শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে মন্ত্রী জানান, মজুরি বোর্ড ঘোষিত ন্যূনতম মজুরিতে সাধারণ শ্রমিকেরা সন্তুষ্ট ও সুশৃঙ্খল রয়েছেন। তবে কিছু ‘শ্রমিক নামধারী’ ব্যক্তি এবং সীমান্তের ওপার থেকে উসকানি দিয়ে জ্বালাও-পোড়াওয়ের চেষ্টাকারীরা দু-একটি ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে মশালমিছিল বা অশান্তি তৈরির পাঁয়তারা করছে। এসব অপচেষ্টা কখনোই সফল হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

পরিদর্শনকালে সাম্প্রতিক নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের শয্যাপাশে যান স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি। পাশাপাশি সাহসী ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁদের পুলিশ পদকসহ অন্যান্য সম্মাননায় পুরস্কৃত করার ঘোষণা দেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সংযম ও পেশাদারত্বের প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, চাকরিতে যোগদানের সময় সদস্যরা প্রয়োজনে প্রাণের বিনিময়ে হলেও জনগণের জানমাল ও আইনশৃঙ্খলা রক্ষার অঙ্গীকার করেন। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় নিজেদের ওপর হামলা ও আঘাত সত্ত্বেও সদস্যরা চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। এর ফলে কোনো প্রাণহানি ঘটেনি, যা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।

এ সময় পুলিশ কর্মকর্তাদের যথাযথ ক্যারিয়ার পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন মন্ত্রী। একই সঙ্গে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন ও সেবার মান উন্নয়নে চলমান প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত শেষ করার তাগিদ দেন তিনি।

রাজারবাগ পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে যান। সেখানে গোপালগঞ্জ ও গাজীপুরে দায়িত্ব পালনকালে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজখবর নেন।

উভয় পরিদর্শনে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির উপস্থিত ছিলেন।