দেশে ভীতি ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি এবং শান্তি-স্থিতিশীলতা নস্যাতের জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছে সরকার। আজ মঙ্গলবার সকালে রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের জন্য আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সরকারের এই অবস্থান তুলে ধরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে সকাল ৯টা থেকে প্রায় আধা ঘণ্টাব্যাপী এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জাপান ও ভারতসহ বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিক এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর ৫০টিরও বেশি মিশনের প্রতিনিধিরা অংশ নেন। ব্রিফিংয়ে কূটনৈতিক কোরের ডিন ও ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান বক্তব্য দেন।

সহিংসতার খতিয়ান ও সরকারের অভিযোগ

ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির কূটনীতিকদের জানান, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধন স্থগিত থাকা সত্ত্বেও দলটির নেতা-কর্মীরা দেশজুড়ে নানা কর্মসূচি ও নাশকতা চালাচ্ছেন। সরকারের তথ্য অনুযায়ী, ১ থেকে ২১ নভেম্বর পর্যন্ত দেশের ৪১টি স্থানে মোট ১৫৮টি সহিংসতার ঘটনা ঘটেছে।

প্রতিমন্ত্রী এসব ঘটনার বিবরণ দিয়ে বলেন, থানা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা: ১৭ নভেম্বর গোপালগঞ্জের একটি থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট, পুলিশের গাড়ি ও ভবনে অগ্নিসংযোগ এবং হেফাজতে থাকা আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে, যাতে বিজিবির এক সদস্য গুরুতর আহত হন। এছাড়া ১৯ নভেম্বর গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, চট্টগ্রামে পুলিশের ওপর আক্রমণ এবং সিলেটে পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ: পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজার কাছে ককটেল বিস্ফোরণ ও মহাসড়ক অবরোধ, ঢাকায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি নির্বাচিত সংসদ সদস্যদের বাসভবন, বিএনপির কার্যালয় এবং নোয়াখালীসহ বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর চালানো হয়েছে।

অর্থনৈতিক ও পোশাক খাতে অস্থিরতা: তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষের পেছনেও আওয়ামী লীগ নেতা-কর্মীদের পরিকল্পিত ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করতেই এসব করা হচ্ছে।

আইনি পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতা কামনা করে হুমায়ুন কবির জানান, সাম্প্রতিক এসব নাশকতা ও সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ পর্যন্ত ৩৯টি মামলা দায়ের করেছে এবং ৬৬ জনকে গ্রেপ্তার করেছে। আইনের যথাযথ প্রক্রিয়া, মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রেখে দায়ীদের বিচারের আওতায় আনার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

এছাড়া, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতা-কর্মীরা সন্ত্রাসবাদ ও অর্থ পাচারের সঙ্গে জড়িত বলে উল্লেখ করে তাঁদের দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

গণতান্ত্রিক উত্তরণে সরকারের অঙ্গীকার

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পশ্চিমা কূটনীতিক জানিয়েছেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের এই পর্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের গঠনমূলক সম্পৃক্ততা ও পাশে থাকার অনুরোধ জানিয়েছেন প্রতিমন্ত্রী। হুমায়ুন কবির তাঁর বক্তব্যে উল্লেখ করেন, সরকার বর্তমানে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতি পুনরুজ্জীবিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।